ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, নিহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি নাগরিক। তবে ওই বিজ্ঞপ্তিতে নিহত বাংলাদেশিদের নাম ও বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।
গণমাধ্যমের খবরের ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বুধবার ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পাওয়ার পরপরই কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে মৃত ও আহতদের সম্পর্কে তথ্য সংগ্রহের কাজ শুরু করেন। স্থানীয় কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডে মোট ৯ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৫ জনের পরিচয় বাংলাদেশি হিসেবে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।
উপ-হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে। প্রাপ্ত তথ্যমতে, নিহতদের মধ্যে চারজনই একই পরিবারের সদস্য। বাকিদের পরিচয় স্থানীয় কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করতে পারেনি। এছাড়া অগ্নিকাণ্ডে আহত ৬ বাংলাদেশিকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।
নিহত ও আহত বাংলাদেশিদের বিষয়ে সার্বক্ষণিক সহায়তা প্রদানের জন্য উপ-হাইকমিশনের কর্মকর্তারা স্থানীয় হাসপাতাল ও পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। এছাড়া ক্ষতিগ্রস্তদের সহায়তায় উপ-হাইকমিশনের পক্ষ থেকে একটি হেল্প লাইন চালু করা হয়েছে। অন্যদিকে, ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মধ্য কলকাতার ওই আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে শিশুসহ মোট ৯ জনের মৃত্যু হয়েছে এবং নিহতরা সকলেই বাংলাদেশি নাগরিক।

