কলকাতায় আগুনে নিহত ৭ বাংলাদেশির ময়নাতদন্ত সম্পন্ন, ইজারাদার গ্রেপ্তার

ভারতের কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাত বাংলাদেশির মরদেহের অপেক্ষায় প্রহর গুনছেন তাদের স্বজনরা। ইতোমধ্যে নিহতদের ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এই ময়নাতদন্ত সম্পন্ন করা হয়।

দুই দেশের যাবতীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার পর আজ দুপুরের দিকে দর্শনা বন্দর দিয়ে মরদেহগুলো বাংলাদেশে এসে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে। তবে কোনো কারণে আইনি প্রক্রিয়া শেষ হতে বিলম্ব হলে আগামীকাল শনিবার মরদেহগুলো দেশে আনা হতে পারে।

এদিকে অগ্নিকাণ্ডের এই ঘটনায় হোটেলটির ইজারাদার আবু জাফরকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। এছাড়া ঘটনার সুষ্ঠু তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের আরও দুই কর্মীকে আটক করা হয়েছে।