বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের স্বর্ণপদক পেলেন জাবি অধ্যাপক শামীম কায়সার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি)-এর অধ্যাপক ড. এম. শামীম কায়সার বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের ফিজিক্যাল সায়েন্সেস ক্যাটাগরিতে স্বর্ণপদক অর্জন করেছেন। গত ১৫ জুলাই বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের সেক্রেটারি স্বাক্ষরিত এক পত্রে তাকে এই অর্জনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। বুধবার (২২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অধ্যাপক ড. এম. শামীম কায়সারের এ অর্জনে তাকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। তিনি বলেন, “ড. এম. শামীম কায়সারের এ স্বর্ণপদক প্রাপ্তি তার গবেষণা ও শিক্ষকতা জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই স্বীকৃতি তাকে ভবিষ্যতে আরও আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে গবেষণা, উদ্ভাবন এবং সমাজের কল্যাণে বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োগে কাজ করার অনুপ্রেরণা যোগাবে।” উপাচার্য তার অব্যাহত সাফল্য কামনা করেন।

শিক্ষাজীবনে ড. শামীম কায়সার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিক্স ও যোগাযোগ প্রকৌশলে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) থেকে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি যুক্তরাজ্যের অ্যাংলিয়া রাসকিন বিশ্ববিদ্যালয় ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পোস্টডক্টরাল গবেষক এবং জাপানের তোহোকু বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ‘এডভান্সড ইন্টেলিজেন্স, ইনফরমেটিক্স অ্যান্ড স্মার্ট ট্রান্সফরমেশন’ গবেষণা দলের নেতৃত্ব দিচ্ছেন।

গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০২৪ ও ২০২৫ সালে বাংলাদেশের সেরা কম্পিউটার বিজ্ঞানীর স্বীকৃতি পেয়েছেন। এছাড়া স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে স্থান অর্জন করেছেন তিনি।