সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কর্মসূচিতে সাংবাদিকদের হেনস্তার অভিযোগ

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কর্মসূচি চলাকালে সাংবাদিকদের হেনস্তা করার অভিযোগ উঠেছে। এই ঘটনার পরপরই ভুক্তভোগী সাংবাদিকরা সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও প্রকাশ করে প্রতিবাদ জানান। ঘটনার রেশ ধরে বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত প্রতিমন্ত্রীর মতবিনিময় সভায় টেলিভিশন সাংবাদিকরা যোগ দেননি। এদিকে, স্থানীয় বিএনপি নেতারা বিষয়টি অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে তা সমাধানের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর এটিই ছিল হুমায়ুন কবিরের প্রথম সিলেট সফর। তার বাড়ি সিলেটের ওসমানীনগরে হওয়ায় তাকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ছিল। শুক্রবার সকালে সিলেটে পৌঁছে তিনি হযরত শাহ্‌জালাল (র.) মাজার মসজিদে জুমার নামাজ আদায় করেন। মাজার জিয়ারত শেষে বেরিয়ে আসার সময় সাংবাদিকরা তার বক্তব্য নেয়ার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় নেতাকর্মীদের ভিড় ও ঠেলাঠেলির কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান, ভিড়ের চাপে অনেকের ক্যামেরা স্ট্যান্ড ও মাইক্রোফোনের ক্ষতি হয়েছে। প্রতিবাদ জানালে নেতাকর্মীরা সাংবাদিকদের দিকে তেড়ে আসেন এবং গালিগালাজ করেন। যমুনা টেলিভিশনের সাংবাদিক নাবিল হোসাইন ফেসবুক পোস্টে জানান, পূর্বঘোষণা অনুযায়ী মাজারে বক্তব্য দেয়ার কথা থাকলেও নেতাকর্মীদের চাপের মুখে তা সম্ভব হয়নি। মাজার থেকে বেরিয়ে আসার সময় কয়েকজন যুবক সাংবাদিকদের ওপর চড়াও হয়ে প্রশ্ন তোলেন যে, মন্ত্রীর বক্তব্য না নিয়ে তারা কেন স্থান ত্যাগ করছেন।

স্টার নিউজের সিলেট ব্যুরো চিফ ইয়াহ্‌ইয়া মারুফ জানান, জুমার নামাজ শেষে প্রতিমন্ত্রীর ব্রিফিং নেয়ার কথা থাকলেও ভিড় ও ধাক্কাধাক্কির কারণে তা সম্ভব হয়নি। মাজারের বাইরে আসার পর বিএনপি’র কয়েকজন নেতাকর্মী সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণ করেন। সংবাদ সংগ্রহের পরিবেশ না থাকায় সাংবাদিকরা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানিয়ে স্থান ত্যাগ করেন। বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে জেলা ও নগর বিএনপি’র সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকরা অনুপস্থিত ছিলেন। জেলা ও নগর বিএনপি নেতারা জানিয়েছেন, তারা বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করছেন।