রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে আটক ২৭৮ জনের মধ্যে ২৫১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। যাচাই-বাছাই শেষে রোববার তাদের মুক্তি দেয়া হয়। বাকি ২৭ জনকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মী সন্দেহে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, শনিবার বিকালে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে মোট ২৭৮ জনকে আটক করা হয়। এর মধ্যে ১৫৩ জনকে শাহজাহানপুর থানায় এবং ১২৫ জনকে পল্টন থানায় নেয়া হয়। এরপর পল্টন মডেল থানার তত্ত্বাবধানে আটক ব্যক্তিদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই শুরু হয়। শনিবার রাত থেকেই জাসদের নেতাকর্মী ও আটক ব্যক্তিদের স্বজনরা থানার সামনে ভিড় করেন এবং পুলিশের সঙ্গে দফায় দফায় আলোচনা করেন। এসময় জাসদ নেতারা আটক ব্যক্তিদের তালিকা ও দলীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র পুলিশের কাছে জমা দেন।
বরিশালের বাসিন্দা এনায়েত হোসেন রোববার সকাল থেকে থানার সামনে অপেক্ষা করছিলেন। তিনি জানান, তার বন্ধু আজম তালুকদারকে পুলিশ আটক করেছে। জাসদ কর্মী হিসেবে তার দলীয় পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের জন্য তিনি সেখানে অবস্থান করছিলেন।
পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর ইসলাম জানান, জাসদ নেতাদের দেয়া তালিকা ও কাগজপত্র যাচাই-বাছাই করে ২৫১ জনকে ছেড়ে দেয়া হয়েছে, কারণ তাদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে সন্দেহভাজন ২৭ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন জানান, তারা পুলিশকে জানিয়েই প্রতিনিধি সভার আয়োজন করেছিলেন এবং সেখানে অন্য দলের কেউ আসার সুযোগ নেই। তিনি বলেন, জাসদ একটি নিবন্ধিত রাজনৈতিক দল, এখানে নাশকতার কোনো প্রশ্ন ওঠে না।
আটক ব্যক্তিদের মধ্যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাবেক সভাপতি আবু জাফর সূর্যও ছিলেন। তিনি জানান, ব্যক্তিগত কাজে এবং সহযোদ্ধাদের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি সেখানে উপস্থিত ছিলেন। নিচে হট্টগোল শুনে নিচে নামলে পুলিশ তাকে সাংবাদিক পরিচয় দেয়ার পরও হ্যান্ডকাফ পরিয়ে আটক করে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর রোববার ভোর ৫টার দিকে তাকে মুক্তি দেয়া হয়।

