চলমান গ্যাস সংকট দ্রুত নিরসনের দাবিতে জামালপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শহরের বাইপাস এলাকায় জাবেদ ফিলিং স্টেশনের সামনে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়ক অবরোধ করেন তারা।
এই অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। এতে সাধারণ যাত্রী এবং অন্যান্য যানবাহনের চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব গণমাধ্যমকে জানিয়েছেন, গ্যাস পাম্পে সংকট এবং গ্যাস না পাওয়ার কারণেই সিএনজি চালকরা এই মহাসড়ক অবরোধ করেছেন। তিনি আরও জানান, যান চলাচল স্বাভাবিক করতে অবরোধকারী চালকদের বোঝানোর চেষ্টা চালানো হচ্ছে।

