বছরের শেষ দিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনের যাত্রা শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এই নির্বাচনগুলো এবার দলীয় প্রতীক ছাড়াই অনুষ্ঠিত হবে। এই প্রেক্ষাপটে জোটগত সমঝোতার সুযোগ রেখে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শরিকরা আপাতত এককভাবে নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নিচ্ছে।
জামায়াতে ইসলামী ইতিমধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রায় ৯৫ শতাংশ প্রার্থী বাছাই সম্পন্ন করেছে। একইভাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬৪টি উপজেলা ও ৩৪টি পৌরসভায় প্রাথমিকভাবে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী পরিস্থিতি বিবেচনায় তারা রাজনৈতিক দল হিসেবে একক প্রস্তুতি নিচ্ছে। জামায়াত তাদের প্রার্থী বাছাইয়ে তৃণমূলের মতামত, ব্যক্তিগত জনপ্রিয়তা, সততা এবং এলাকায় গ্রহণযোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তবে নির্বাচনী সমীকরণ পরিবর্তনের সম্ভাবনা মাথায় রেখে প্রার্থী পরিবর্তনের সুযোগও রাখা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, বছরের শেষ দিকে নির্বাচন উপযোগী ইউনিয়ন পরিষদগুলোতে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে ইসির এবং সেপ্টেম্বরে তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে। জামায়াতের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য সারা দেশে ১৪টি অঞ্চল রয়েছে, যেখানে অঞ্চল পরিচালকরা স্থানীয় নির্বাচনের প্রার্থী বাছাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এর মধ্যে রংপুর-দিনাজপুর অঞ্চলে আবদুল হালিম, বগুড়ায় এ টি এম আজহারুল ইসলাম, রাজশাহীতে রফিকুল ইসলাম খান, কুষ্টিয়া-যশোর অঞ্চলে মোবারক হোসাইন, খুলনায় ইজ্জত উল্লাহ, বরিশালে মোয়াযযম হোসাইন, ময়মনসিংহে মো. শাহাবুদ্দীন, ঢাকা মহানগরীতে মিয়া গোলাম পরওয়ার, ঢাকা উত্তরে সাইফুল আলম খান মিলন, ঢাকা দক্ষিণে আবদুর রব, ফরিদপুরে হামিদুর রহমান আযাদ, সিলেটে এহসানুল মাহবুব জুবায়ের, কুমিল্লা-নোয়াখালীতে এ টি এম মাছুম এবং চট্টগ্রাম অঞ্চলে মুহাম্মদ শাহজাহান দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে, এনসিপি তাদের প্রার্থী বাছাইয়ে গ্রহণযোগ্যতা ও পরিশ্রমী হওয়ার পাশাপাশি ফ্যাসিবাদী সরকারের সঙ্গে সংশ্লিষ্টতার অতীত না থাকাকে গুরুত্ব দিচ্ছে। দলটির মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, ধাপে ধাপে তারা আরও প্রার্থী ঘোষণা করবেন যাতে প্রার্থীরা এলাকায় কাজ করার সুযোগ পান। জামায়াতের সূত্রমতে, সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা প্রার্থীরা স্থানীয় নির্বাচনে অগ্রাধিকার পাবেন। অতীতে ২০১৪ সালের উপজেলা নির্বাচনে জামায়াত ৩৬টি চেয়ারম্যান, ১২৬টি ভাইস চেয়ারম্যান এবং ২৬টি নারী ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছিল। এরপর ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাদের সমর্থিত প্রার্থীরা ৭৯টি চেয়ারম্যান পদে এবং ২০১৯ সালে চারটি পৌরসভায় জয়লাভ করে।
১১ দলের লিয়াজোঁ সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, নির্বাচনের তফসিল ঘোষণা হলে প্রস্তুতিমূলক কার্যক্রম আরও জোরদার করা হবে। এনসিপির মিডিয়া উপ-কমিটির প্রধান সারোয়ার তুষার নিশ্চিত করেছেন যে, বর্তমানে এককভাবে নির্বাচন করার সিদ্ধান্তই বহাল রয়েছে এবং জোটে যাওয়ার সম্ভাবনা খুব কম।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো কোনো দলই চূড়ান্ত অবস্থান নেয়নি। তবে কেন্দ্রীয়ভাবে সমন্বিত নির্বাচন হবে, নাকি দলগুলো স্থানীয় বাস্তবতায় ভিন্ন কৌশল নেবে- এ প্রশ্নে ১১-দলীয় ঐক্যের শরিকদের অবস্থান ইতিমধ্যে স্পষ্ট হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর সে অবস্থানের বাস্তব চিত্রও পরিষ্কার হতে পারে।এদিকে এরই মধ্যে উপজেলা ও পৌরসভা নির্বাচনের প্রথম ধাপে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করেছে এনসিপি। ৫০০ উপজেলা ও ৩৩০ পৌরসভা থেকে এক হাজারের বেশি আবেদন পাওয়ার পর যাচাই বাছাই করে এসব প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। প্রার্থী বাছাইয়ে গ্রহণযোগ্যতা, পরিশ্রমী হওয়ার পাশাপাশি দুর্নীতি, নিপীড়ন বা ফ্যাসিবাদী সরকারের সঙ্গে সংশ্লিষ্টতার অতীত না থাকার বিষয়টি গুরুত্ব দেয়া হচ্ছে। অন্য রাজনৈতিক দলের পরিচ্ছন্ন ও গ্রহণযোগ্য ব্যক্তিদেরও এনসিপি’র হয়ে প্রার্থী হওয়ার সুযোগ রেখেছে দলটি।

