স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে নতুন এক সমীকরণে এগোচ্ছে ১১ দলীয় জোটের প্রধান দুই শরিক জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জাতীয় নির্বাচনে জোটবদ্ধ থাকলেও স্থানীয় সরকারের আসন্ন নির্বাচনগুলোতে দল দুটি একে অপরের মুখোমুখি অবস্থান নিয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ মোট ১৩টি সিটিতেই এককভাবে প্রার্থী দেওয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে জামায়াত। একই কৌশল অনুসরণ করছে এনসিপি এবং জোটের অন্য শরিকরাও। ভোটের মাঠে জোটের শরিকদের এই মুখোমুখি অবস্থান রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
ঢাকার দুই সিটি করপোরেশনে উভয় দলই প্রার্থী ঘোষণা করেছে। গত ১৪ই সেপ্টেম্বর ঢাকা উত্তরে জামায়াতের প্রার্থী হিসেবে মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন এবং দক্ষিণে ডাকসু ভিপি আবু সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয়। অন্যদিকে, এনসিপি ঢাকা উত্তরে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দক্ষিণে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নাম ঘোষণা করেছে। এনসিপি’র পক্ষ থেকে জানানো হয়েছে, জামায়াতের কাছ থেকে গ্রিন সিগন্যাল না পাওয়ায় তারা নিজস্ব প্রস্তুতিতে এগিয়েছে এবং সুবিধাজনক অবস্থানে নির্বাচনের জন্য আসিফ মাহমুদ ও নাসীরুদ্দীন পাটওয়ারী তাদের ভোটার এলাকাও পরিবর্তন করেছেন।
জামায়াতের দলীয় সূত্র অনুযায়ী, স্থানীয় নির্বাচন স্থানীয়ভাবেই করার নীতিতে অটল দলটি। সাংগঠনিক শক্তি ও ভোটব্যাংক যাচাইয়ের লক্ষ্যে ১৩টি সিটিতেই তারা প্রার্থী চূড়ান্ত করেছে। গত ১১ই আগস্ট রাজশাহী সিটি করপোরেশনে ডা. মোহাম্মদ জাহাঙ্গীরকে মেয়র প্রার্থী ঘোষণা করা হয়। এছাড়া নারায়ণগঞ্জ সিটিতে মোহাম্মদ আবদুল জব্বার, গাজীপুর সিটিতে ড. মুহাম্মদ হাফিজুর রহমান, চট্টগ্রাম সিটিতে অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালী, বরিশাল সিটিতে মুয়াযযম হোসাইন হেলাল ও রংপুর সিটিতে এটিএম আজম খানকে মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়া কুমিল্লায় মোসলেহ উদ্দিন, সিলেটে মাওলানা লোকমান আহমদ, ময়মনসিংহে অধ্যাপক শহীদুল্লাহ কায়সার এবং বগুড়া সিটিতে আ.খ.ম. আব্দুল মালেককে দলীয় সংকেত দেওয়া হয়েছে। খুলনা সিটিতে মাহফুজুর রহমানের নাম আলোচনায় রয়েছে।
এনসিপি তাদের নিজস্ব প্রার্থী হিসেবে কুমিল্লা সিটিতে এডভোকেট তরিকুল ইসলাম, সিলেটে আব্দুর রহমান আফজাল এবং রাজশাহীতে মো. মোবাশ্বের আলীকে মনোনীত করেছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, স্থানীয় নির্বাচনে জোটগত কোনো প্রার্থী থাকবে না এবং প্রতিটি দল নিজস্ব প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। এনসিপি’র নীতি নির্ধারণী ফোরামের সদস্য সারোয়ার তুষারও বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত আগে থেকেই নেওয়া ছিল এবং এটি জোটে কোনো টানাপড়েন সৃষ্টি করবে না।

