সাবেক বিচারপতি, বুদ্ধিজীবী, আইনজীবী, বিশিষ্ট ব্যবসায়ী এবং কওমি আলেমসহ বিভিন্ন পেশার মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। এছাড়া বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সর্বমোট ৬৫০ জন নতুন সদস্য দলে যুক্ত হয়েছেন। জামায়াতে ইসলামীর মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের উদ্যোগে আয়োজিত এক দাওয়াতি সমাবেশে তাদের বরণ করে নেওয়া হয়।
রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি। তিনি নতুন যোগদানকারীদের ফুল ও ইসলামিক বই উপহার দিয়ে দলের সদস্য হিসেবে স্বাগত জানান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি।
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন জানান, যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিদের তালিকায় রয়েছেন সাবেক বিচারপতি সৈয়দ শাহিদুর রহমান, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. এএসএম খালেকুজ্জামান, সাবেক সেনাকর্মকর্তা কর্নেল ফারুক হোসাইন, পুলিশের সাবেক এসপি ওবায়দুল হক, জাতিসংঘের সাবেক কর্মকর্তা ও জাতীয় দলের সাবেক ফুটবলার সেলিম আহমেদ। এছাড়া বিশিষ্ট ব্যবসায়ী আবুল আয়েশ খান, মো. ফিরোজ আলম খান, সিনহা এ খালিদ, হাজী শাহ আলম, আবদুর রাজ্জাক সোহাগ ও ডা. হুমায়ন কবিরও যোগ দিয়েছেন।
রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের ব্যক্তিদের মধ্যে রয়েছেন বংশাল থানার ২নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াকুব সরকার, ২নং ওয়ার্ড যুবদল নেতা মুশফিকুর রহমান বাবু, ৭৫নং ওয়ার্ড বিএনপি নেতা হাজী আলতাব হোসেন, ৩২ নং ওয়ার্ডের সমাজসেবক মোছলেহ উদ্দিন আহমেদ এবং ৩৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাবেদ ওমর। ধর্মীয় ব্যক্তিত্বদের মধ্যে বাংলাদেশ নূরানী শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিনসহ কওমি আলেম মুফতি আবুল কালাম আজাদ, মাওলানা এনামুল হক আজাদী, মাওলানা আব্দুর রহমান আল হাবিবী, মাওলানা মো. জসিম উদ্দিন (রসুলপুরী) ও মাওলানা হাসান জামিল জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন। সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডভোকেট ড. এ এস এম খালেকুজ্জামান, সাবেক বিচারপতি সৈয়দ শাহিদুর রহমান, মুফতি আবুল কালাম আজাদ মাদানী, আবুল আয়েশ খান, ইয়াকুব সরকার, আব্দুস সবুর ফকির, অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, ড. আব্দুল মান্নান ও সৈয়দ জয়নুল আবেদীন এমপি। অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

