ইসলামে বোনের উত্তরাধিকারের হক ও বঞ্চনার ভয়াবহতা

উত্তরাধিকার সম্পত্তি থেকে বোনদের বঞ্চিত করার প্রবণতা বর্তমানে একটি জঘন্য ও অমানবিক সমস্যায় রূপ নিয়েছে। অনেক ক্ষেত্রেই দেখা যায়, কোনো বোন বিপদে পড়ে বা নিজের প্রয়োজনে তার ন্যায্য মিরাসের অংশ চাইতে গেলে তাকে তিরস্কার করা হয়, এমনকি সমাজের চোখে নিচু করা হয়। এর চেয়েও দুঃখজনক বাস্তবতা হলো, যে বোন তার প্রাপ্য সম্পদ দাবি করে, তাকে প্রায়ই ভাইদের কাছ থেকে ভবিষ্যতে কোনো ধরনের আশ্রয় বা সহায়তার অধিকার থেকে বঞ্চিত করা হয়। কার্যত, সে নিজের ভাইদের কাছেই মাথা গোঁজার ঠাঁই হারানোর ঝুঁকিতে পড়ে।

এ ধরনের আচরণ মূলত জাহেলি যুগের সেই চরম বৈষম্যমূলক, অনৈতিক ও অমানবিক প্রথারই প্রতিচ্ছবি। ইসলামে এই ধরনের অন্যায়কে কঠোরভাবে নিন্দা জানানো হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহতায়ালা নারী ও পুরুষ উভয়ের জন্য উত্তরাধিকারের সুনির্দিষ্ট বিধান দিয়েছেন, যা পরিবর্তন করার কোনো অধিকার কারও নেই। বোনদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা কেবল শরিয়ত লঙ্ঘনই নয়, এটি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার মতো একটি মারাত্মক অপরাধ।

অনেকে মনে করেন, বোনদের খোঁজখবর নিলেই ভাইয়ের দায়িত্ব শেষ হয়ে যায়, যা একটি ভুল ধারণা। প্রকৃতপক্ষে বোনের হক আদায় হয়েছে তখনই বলা যাবে, যখন বোনদের তাদের শরিয়তসম্মত মিরাসের অংশ সম্পূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হবে। এর পরবর্তী পর্যায়ে তাদের খোঁজখবর নেওয়া, বিপদ-আপদে পাশে দাঁড়ানো এবং স্নেহ ও ভালোবাসা প্রদর্শন করা অতিরিক্ত নেকির কাজ। কিন্তু মিরাস বুঝিয়ে না দিয়ে কেবল খোঁজখবর নেওয়া এক প্রকার প্রতারণার শামিল।

বোনেদের মিরাস থেকে বঞ্চিত করার এই অমানবিক প্রথা বন্ধ হওয়া জরুরি। এটি একদিকে যেমন আল্লাহর নির্দেশ অমান্য করা, অন্যদিকে পারিবারিক বন্ধন ছিন্ন করার শামিল। এই প্রথা সমাজে বিভেদ সৃষ্টি করে, পারস্পরিক আস্থা নষ্ট করে এবং শ্রদ্ধাবোধ কমিয়ে দেয়। ইসলাম পারিবারিক সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করাকে হারাম ঘোষণা করেছে। আমাদের সবার উচিত এই জাহেলি প্রথা থেকে বেরিয়ে আসা। বোনদের প্রতি ন্যায়বিচার করা এবং তাদের প্রাপ্য অধিকার বুঝিয়ে দেওয়া কেবল তাদের হকই নয়, বরং এটি ঈমানের দাবি।