ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ৩ নেতাকর্মী গ্রেফতার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ। বুধবার বিকেলে ঈশ্বরগঞ্জ থানার পুলিশ বাদী হয়ে এই মামলাটি দায়ের করে। মামলায় ৪৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১১ আগস্ট ভোরের দিকে ওই মিছিল ও সমাবেশের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে ১২ আগস্ট মাইজবাগ ও মগটুলাসহ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। অভিযানে মিছিল ও সমাবেশে সক্রিয়ভাবে অংশগ্রহণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ঢাকা উত্তর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাদ্দাম হোসেন (২৮), যিনি মগটুলা ইউনিয়নের নাউরি গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে; ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী আনিছুর রহমান (৩৩), যিনি মাইজবাগ ইউনিয়নের হারুয়া (সাদারপাড়া) গ্রামের আব্দুর রউফের ছেলে এবং মগটুলা ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য কামরুজ্জামান (৩৪), যিনি মগটুলা ইউনিয়নের ছাতিয়ানতলা বৈরাটি গ্রামের আব্দুল আজিজের ছেলে।

পুলিশের দাবি, গ্রেফতারকৃত তিনজনই ১১ আগস্ট ভোরের বিক্ষোভ মিছিল ও সমাবেশে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিল ও সমাবেশে সক্রিয়ভাবে অংশ নেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে এই সন্ত্রাসবিরোধী মামলাটি দায়ের করা হয়। মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।