সময় কি সত্যিই বয়ে যায়, নাকি এটি কেবলই মনের মায়া?

ঘড়ির কাঁটার টিকটিক শব্দে সেকেন্ড, মিনিট আর ঘণ্টা পেরিয়ে যাওয়া আমাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে স্বাভাবিক ঘটনা। সকাল পেরিয়ে দুপুর হওয়া, রাত নামা, কিংবা শৈশবের স্মৃতি পেছনে ফেলে ভবিষ্যতের পরিকল্পনা করা—সবকিছুই আমরা সময়ের ফ্রেমে বন্দি করে দেখি।

কিন্তু গভীর ভাবনায় ডুব দিলে একটি জটিল প্রশ্ন সামনে আসে: সময় কি আসলেই কোনো বাস্তব অস্তিত্ব, যা নদীর মতো বয়ে চলে? এই রহস্যের জট খুলতে মানুষ প্রায় আড়াই হাজার বছর ধরে দর্শন ও বিজ্ঞানের মেলবন্ধনে বিতর্ক চালিয়ে যাচ্ছে।

সাধারণত আমরা সময়কে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ—এই তিন ভাগে ভাগ করে থাকি। তবে গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায়, এই তিনটির কোনোটিরই স্থায়িত্ব বা বাস্তব রূপ ধরা ছোঁয়া যায় না। যা ঘটে গেছে, তা তো অতীত; বর্তমানে তার অস্তিত্ব কেবল স্মৃতি, বইয়ের পাতা, ছবি বা ভিডিওর মতো নানা রেকর্ডে সীমাবদ্ধ।

আবার ভবিষ্যৎ তো এখনো আসেইনি, যা কেবলই আমাদের পরিকল্পনা, আশা কিংবা আশঙ্কার মধ্যে ঘুরপাক খাচ্ছে। সবচেয়ে বড় গোলকধাঁধা তৈরি হয় ‘বর্তমান’ বা ‘এখন’ মুহূর্তটিকে নিয়ে।

‘এখন’ বলতে আমরা ঠিক কতটুকু সময়কে বুঝি? এক সেকেন্ড নাকি তার চেয়েও কম? মুখে ‘এখন’ শব্দটি উচ্চারণ করার আগেই সেই মুহূর্তটি পেরিয়ে যায়। বর্তমান যেন আলো আর অন্ধকারের মাঝখানের এমন এক সূক্ষ্ম সীমানা, যার নিজস্ব কোনো দৈর্ঘ্যই নেই। এই যুক্তি ধরে একদল চিন্তাবিদ মনে করেন, যার অতীত ও ভবিষ্যৎ নেই এবং বর্তমানের কোনো স্থায়িত্ব নেই, তার কোনো বাস্তব অস্তিত্বই থাকতে পারে না।

এর বিপরীতে আরেকটি শক্তিশালী মতবাদ রয়েছে, যার নাম ‘চিরন্তনবাদ’। এই তত্ত্ব অনুযায়ী অতীত, বর্তমান ও ভবিষ্যৎ—তিনটিই সমানভাবে বাস্তব। উদাহরণস্বরূপ, আমরা হয়তো বর্তমানে ২০২৬ সালে অবস্থান করছি, কিন্তু মহাবিশ্বের কাঠামোর কোথাও না কোথাও ১৯২৬ বা ২১২৬ সালও সমানভাবে বিদ্যমান রয়েছে।

বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্বের পর এই ধারণাটি ‘ব্লক ইউনিভার্স’ বা ‘ব্লক মহাবিশ্ব’ নামে পরিচিতি পায়। এখানে সময়কে মহাকাশের মতো চতুর্থ মাত্রা হিসেবে বিবেচনা করা হয়।

যেখানে মহাকাশের সব বিন্দু যেমন একই কাঠামোর অংশ, তেমনি সময়ের প্রতিটি মুহূর্তও একই সূত্রে গাঁথা। এ কারণেই আইনস্টাইন একবার বলেছিলেন, অতীত, বর্তমান ও ভবিষ্যতের পার্থক্য আসলে একগুঁয়ে ও স্থায়ী মায়া ছাড়া আর কিছুই নয়। অন্যদিকে, ‘প্রেজেন্টিজম’ বা বর্তমানবাদীরা মনে করেন কেবল বর্তমানই বাস্তব। আবার ‘বর্ধনশীল ব্লক মহাবিশ্ব’ তত্ত্ব অনুযায়ী অতীত ও বর্তমান বাস্তব হলেও ভবিষ্যৎ এখনো তৈরি হয়নি, তা সময়ের সাথে সাথে যুক্ত হচ্ছে।

সময়ের অস্তিত্বকে বুঝতে বিজ্ঞানীরা তাপমাত্রার একটি চমৎকার উদাহরণ দিয়ে থাকেন। একটি ঘরের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস হওয়া আমাদের কাছে অর্থপূর্ণ হলেও, একটি একক অণুর কিন্তু কোনো তাপমাত্রা থাকে না। তাপমাত্রা মূলত অসংখ্য অণুর সম্মিলিত আচরণের বহিঃপ্রকাশ।

একইভাবে, মহাবিশ্বের অতি গভীর স্তরে হয়তো সময়ের আলাদা কোনো মৌলিক অস্তিত্বই নেই। খ্রিষ্টপূর্ব পঞ্চম শতকে দক্ষিণ ইতালির এলিয়ার দার্শনিক পারমেনিদিস দাবি করেছিলেন যে পরিবর্তন আসলে অসম্ভব এবং যা অস্তিত্বশীল তা চিরকাল অপরিবর্তনীয় থাকে।

তাঁর ছাত্র জেনোও বিভিন্ন যুক্তির মাধ্যমে গতির অবিরাম প্রবাহ নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। তবে প্রাচীন গ্রিসের আরেক দার্শনিক হেরাক্লিটাস ছিলেন পরিবর্তনের পক্ষে। তাঁর মতে, পরিবর্তনই পৃথিবীর একমাত্র পরম সত্য এবং সবকিছুই নদীর মতো প্রবাহিত হচ্ছে। তাঁর এই নদী তত্ত্বের প্রায় দুই হাজার বছর পর বিজ্ঞানী আইজ্যাক নিউটন সময়কে পরিবর্তনের একটি পরম পটভূমি হিসেবে ব্যাখ্যা করেন, যেখানে মহাবিশ্বে কোনো পরিবর্তন না হলেও সময় নিজস্ব গতিতে চলতে থাকবে।

কিন্তু প্রশ্ন থাকে, পরিবর্তনের জন্য কি আসলেই সময়ের প্রয়োজন? যেমন পাহাড়ে ওঠার সাথে সাথে বায়ুচাপের পরিবর্তন ঘটে, এক্সিলারেটরে চাপ দিলে গাড়ির গতি বদলায় কিংবা মাইক্রোস্কোপের লেন্স ঘোরালে ছবির স্পষ্টতা বাড়ে। পদার্থবিজ্ঞানের সমীকরণে সময়কে মূলত একটি চলক বা প্যারামিটার ‘t’ হিসেবে ব্যবহার করা হয়।

এই ‘t’ এর বিভিন্ন মান বসিয়ে আমরা কোনো বস্তুর অতীত, বর্তমান ও ভবিষ্যতের অবস্থান জানতে পারি, যা মূলত কিছু স্থির চিত্রের সমষ্টি। একে একটি চলচ্চিত্রের সাথে তুলনা করা যায়; যেখানে পর্দায় একের পর এক স্থির ছবি দ্রুত প্রদর্শনের ফলে আমাদের মনে হয় সবকিছু সচল ও গতিশীল।

কিন্তু প্রতিটি ফ্রেম আসলে স্থির। পদার্থবিজ্ঞানের সমীকরণে এমন কোনো অদৃশ্য স্রোত বা নদীর অস্তিত্ব পাওয়া যায় না, যা অতীত থেকে ভবিষ্যতের দিকে বয়ে চলে। এমনকি আপেক্ষিকতার তত্ত্বে ভিন্ন গতি বা মহাকর্ষীয় ক্ষেত্রে থাকা দুজন পর্যবেক্ষকের ঘড়ির গতি আলাদা হলেও, সেখানে সময়ের কোনো দৃশ্যমান প্রবাহের হদিস মেলেনি।

তাহলে আমাদের মনে সময়ের এই অবিরাম বয়ে চলার যে তীব্র অনুভূতি, তা আসলে কী? বিজ্ঞানীদের ধারণা, এটি সম্ভবত আমাদের মানব মস্তিষ্কের জটিল অভিজ্ঞতার ফল। আমরা স্মৃতিকে ধারণ করি, বর্তমানকে অনুভব করি এবং ভবিষ্যতের স্বপ্ন বুনি বলেই জীবনকে একটি ধারাবাহিক পথ হিসেবে দেখতে পাই। কিন্তু মহাবিশ্ব কি আসলেই এভাবে চলে? আধুনিক বিজ্ঞান এখনো এর কোনো চূড়ান্ত উত্তর দিতে পারেনি।

বিজ্ঞানের সমীকরণগুলো পরিবর্তনকে ব্যাখ্যা করতে পারলেও, আমাদের ভেতরের সেই ‘সময় বয়ে যাওয়ার’ অনুভূতিকে পুরোপুরি স্পর্শ করতে পারে না। ফলে ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে থাকার পরও সবচেয়ে সহজ কিন্তু গভীর প্রশ্নটি থেকেই যায়—সময় কি আসলেই বয়ে চলে, নাকি আমরা কেবল বয়ে যাওয়ার এক অদ্ভুত অনুভূতি নিয়ে বেঁচে আছি?