কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় অবস্থিত বেসরকারি ইস্টার্ন মেডিকেল কলেজে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থী আদনান আলতাফের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার দুই দিন পর বুধবার সকালে কলেজ ক্যাম্পাস থেকে প্রায় ৫০০ গজ দূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন একটি জলাশয় থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আদনান আলতাফ ভারতের জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার সুপুর এলাকার বুনপাড়া দাঙ্গালপাড়ার বাসিন্দা আলতাফ হোসাইন রাথারের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ১১টা ৩৬ মিনিটে আদনান কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে একটি ইন্ডিয়ান ফুড হোটেলে গিয়েছিলেন। সেখান থেকে রাত ১২টা ৫ মিনিটের দিকে তিনি নিখোঁজ হন। তার সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল এবং এ ঘটনায় বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।
ইস্টার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান শাহ মো. সেলিম জানান, আদনান কিছুটা মানসিকভাবে অসুস্থ ছিলেন। এ কারণে তার মাকে সঙ্গে নিয়ে ক্যাম্পাসে থাকার ব্যবস্থা করা হয়েছিল। তার নিখোঁজ হওয়ার ঘটনায় বুড়িচং থানায় জিডি করা হয়েছিল বলেও তিনি জানান।
বুড়িচং থানার ওসি লুৎফুর রহমান জানান, নিখোঁজের খবর পাওয়ার পর পুলিশ তাকে অনেক খোঁজাখুঁজি করে। বুধবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। ঘটনার তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন তিনি।

