আইএমএফের নতুন ঋণের আগে বাংলাদেশের সামনে ৪ কঠিন শর্ত

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন করে বড় অঙ্কের ঋণ পেতে হলে বাংলাদেশকে বড় ধরনের চারটি পরীক্ষার মুখোমুখি হতে হবে। আগামী ২৯ অক্টোবর আইএমএফের একটি প্রতিনিধিদল প্রায় দুই সপ্তাহের সফরে ঢাকায় আসছে। এই সফরে তারা দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি পূর্ববর্তী পাঁচ কিস্তির শর্ত বাস্তবায়নের অগ্রগতি খতিয়ে দেখবে।

একই সঙ্গে চলমান ঋণ কর্মসূচির ষষ্ঠ কিস্তি ছাড়ের বিষয়টিও এই সফরের ওপর নির্ভর করছে।

ঢাকায় এই মূল্যায়নের আগেই আগামী ১৩ থেকে ১৭ অক্টোবর ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভা। এই সভায় বাংলাদেশের প্রতিনিধিদল নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার জোর প্রস্তুতি নিচ্ছে। সরকারের লক্ষ্য হচ্ছে নতুন একটি কর্মসূচির আওতায় আইএমএফের কাছ থেকে ৪৫০ থেকে ৫০০ কোটি ডলারের নতুন ঋণ সহায়তা নিশ্চিত করা।

ফলে অক্টোবরের এই ধারাবাহিক আলোচনাকে নতুন ঋণের জন্য বাংলাদেশের প্রথম বড় পরীক্ষা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

নতুন ঋণের ক্ষেত্রে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে রাজস্ব আদায় বাড়ানো। দেশের কর-জিডিপি অনুপাত দীর্ঘদিন ধরে কম থাকায় সরকারের ব্যয়ের সক্ষমতা বাড়ছে না, যার ফলে বাজেট ঘাটতি ও সরকারি ঋণের চাপ বেড়েই চলেছে। আইএমএফ তাদের সাম্প্রতিক মূল্যায়নে কম রাজস্ব আহরণকে বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান দুর্বলতা হিসেবে চিহ্নিত করেছে।

এবারের আলোচনায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায়ের অগ্রগতি, করের আওতা বাড়ানো, কর প্রশাসনের সংস্কার এবং রাজস্ব-জিডিপি অনুপাত বৃদ্ধির সুনির্দিষ্ট পরিকল্পনা জানতে চাইতে পারে সংস্থাটি।

দ্বিতীয় প্রধান শর্ত হিসেবে সামনে আসছে ব্যাংক খাতের সংস্কার ও একে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানো। গত জুলাই মাসে বাংলাদেশ সফর শেষে আইএমএফ জানিয়েছিল যে এ দেশের ব্যাংকিং খাতে এখনও বড় ধরনের চাপ রয়েছে এবং তা দূর করতে একটি বিশ্বাসযোগ্য ও সমন্বিত কৌশল প্রয়োজন।

এবার সংস্থাটি কেবল সংস্কারের ঘোষণা নয়, বরং বাস্তবে কী অগ্রগতি হয়েছে তা দেখতে চাইবে।

বিশেষ করে দুর্বল ব্যাংকগুলোর পুনর্গঠন, খেলাপি ঋণ কমানো, ব্যাংকের মূলধন বৃদ্ধি এবং পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনায় সুশাসন প্রতিষ্ঠার বিষয়ে সরকারের বাস্তবমুখী পরিকল্পনা আলোচনায় স্থান পাবে।

এছাড়া সরকারের ব্যয়ের চাপ কমাতে ভর্তুকি ব্যবস্থাপনা ও সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরানো নতুন কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হতে পারে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের অস্থিরতা ও আমদানি ব্যয়ের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকির চাপ অনেক বেড়েছে। এই ভর্তুকি কীভাবে যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা যায়, তা নিয়ে আলোচনা হবে।

যদিও সরকার সম্প্রতি ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম বাড়িয়েছে এবং একে আইএমএফের সরাসরি শর্ত নয় বলে দাবি করেছে, তবে নতুন ঋণের আলোচনায় জ্বালানি, গ্যাস ও বিদ্যুতের মূল্য সমন্বয় এবং ভর্তুকির পরিমাণ কমানোর বিষয়টি অত্যন্ত গুরুত্ব পাবে, যা পরোক্ষভাবে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের ওপর প্রভাব ফেলতে পারে।