বান্দার জীবনজুড়ে আল্লাহর রহমত ও অনুগ্রহ জড়িয়ে আছে। মহান আল্লাহর এই অশেষ অনুগ্রহের অন্যতম নিদর্শন হলো পবিত্র কোরআন নাজিল করা। পৃথিবীজুড়ে মানুষ নানা বিষয়ে ডিগ্রি অর্জন করলেও আল্লাহর কালামের মর্ম অনুধাবন করতে ব্যর্থ হওয়া অত্যন্ত দুঃখজনক। যে মহাগ্রন্থ সব জ্ঞান-বিজ্ঞানের উৎস এবং মানুষের জীবনের পথপ্রদর্শক, তা থেকে শিক্ষা নিতে না পারা জীবনের সার্থকতাকে প্রশ্নবিদ্ধ করে।
ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, 'যার হৃদয়ে কোরআনের কিছুই নেই সে পরিত্যক্ত ঘরের মতো।' (তিরমিজি : ২৯১৩)। অর্থাৎ কোরআনহীন হৃদয়ের কোনো মূল্য নেই। পক্ষান্তরে, যে ব্যক্তি কোরআনকে হৃদয়ে ধারণ করবে, সে হেরা গুহার ঐশী আলো লাভ করবে। জাবের (রা.) বলেন, কিয়ামতের দিন কোরআন সুপারিশকারী হিসেবে উপস্থিত হবে এবং তার সুপারিশ কবুল করা হবে। এটি জান্নাতের পথে পথপ্রদর্শক। যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, সে জান্নাতের দিকে পরিচালিত হবে, আর যে একে পেছনে ফেলবে, সে জাহান্নামের দিকে ধাবিত হবে (আত-তারগিব : ১৪২৩)।
কবরের অন্ধকার জীবনে কোরআন হবে পরম সঙ্গী। রাসুলুল্লাহ (সা.)-এর এক সাহাবি কবরের ওপর তাঁবু খাটিয়েছিলেন এবং সেখান থেকে সুরা মুলক তিলাওয়াতের আওয়াজ শুনতে পান। পরবর্তী সময়ে নবী (সা.) জানান, এই সুরাটি প্রতিরোধকারী ও নাজাত দানকারী, যা কবরের আজাব থেকে রক্ষা করে (তিরমিজি : ২৮৯০)। একইভাবে, যে ঘরে নিয়মিত কোরআন তিলাওয়াত হয়, সেখান থেকে শয়তান পলায়ন করে। আবু হুরায়রা (রা.)-এর বর্ণনায় রাসুলুল্লাহ (সা.) ঘরগুলোকে কবরস্থান না বানিয়ে সুরা বাকারা তিলাওয়াত করার তাগিদ দিয়েছেন (মুসলিম : ২১১৯)।
কোরআন মানুষের অন্তরের মরীচিকা দূর করে। আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) জানিয়েছেন যে লোহায় পানি লাগলে যেমন মরিচা ধরে, মানুষের হৃদয়েও তেমনি মরিচা ধরে। এই মরিচা দূর করার উপায় হলো বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা এবং কোরআন তিলাওয়াত করা (শুআবুল ঈমান : ১৮৫৯)। অন্তর অসুস্থ হয়ে পড়লে ভালো কাজের আগ্রহ হারিয়ে যায়, কিন্তু কোরআন পাঠ করলে আল্লাহ সেই পাপের মরীচিকা দূর করে দেন। এছাড়া, কিয়ামতের দিন কোরআন তিলাওয়াতকারীর পক্ষে সাক্ষ্য প্রদান করবে। আবু মালিক আশআরি (রা.)-এর বর্ণনায় রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কোরআন হবে মানুষের পক্ষে অথবা বিপক্ষে প্রমাণস্বরূপ (মুসলিম : ৪২২)।

