ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং ইয়ানবুতে অবস্থিত দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর স্থাপনা লক্ষ্য করে দুটি বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে। শনিবার এক বিবৃতিতে হুতিদের পক্ষ থেকে এই হামলার দাবি করা হয়। তারা জানিয়েছে, সৌদির বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ হিসেবে বিপুলসংখ্যক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন ব্যবহার করে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
হুতিদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম অভিযানটি চালানো হয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদের বেশ কয়েকটি ‘স্পর্শকাতর স্থাপনা’ লক্ষ্য করে। আর দ্বিতীয় অভিযানটির লক্ষ্য ছিল ইয়ানবুতে অবস্থিত আরামকোর তেল স্থাপনা। দুটি অভিযানই সফল হয়েছে দাবি করে হুতিরা জানায়, হামলার পরপরই লক্ষ্যবস্তু এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এই হামলার প্রেক্ষাপট উল্লেখ করে হুতিরা জানিয়েছে, ইয়েমেনের ওপর সৌদি আরবের সামরিক অভিযান ও অবরোধের পাল্টা জবাব হিসেবেই তারা এই পদক্ষেপ নিয়েছে। একই সঙ্গে তারা সতর্কবার্তা দিয়ে বলেছে, সৌদি আরবের বিরুদ্ধে তাদের ‘অবরোধের জবাবে অবরোধ’ এবং ‘উত্তেজনার জবাবে উত্তেজনা’ নীতি অব্যাহত থাকবে। এমনকি সৌদি বাহিনীর সেনা ও তাদের সামরিক সমাবেশকেও লক্ষ্যবস্তু করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
হুতিদের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, ইয়েমেনে সৌদির সামরিক অভিযান পুরোপুরি বন্ধ এবং দেশটির ওপর থেকে অন্যায় অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত তাদের এই ধরনের পাল্টা হামলা অব্যাহত থাকবে। এদিকে, বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে রিয়াদের আকাশে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। এর পরদিন শনিবার সকালে রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছাকাছি এলাকা থেকে ধোঁয়ার বিশাল কুণ্ডলী ও আগুন উড়তে দেখা যায়।

