তিন দফা দাবিতে হোমিওপ্যাথিক শিক্ষকদের জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ অনুযায়ী বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের পূর্ণাঙ্গ গভর্নিং বডি ও নির্বাহী পরিষদ গঠনসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছেন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের শিক্ষক ও চিকিৎসকেরা। রোববার (৮ই নভেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শিক্ষক সমিতি (হোমেকশিস) বাংলাদেশ’-এর কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এতে দেশের বিভিন্ন প্রান্তের হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে প্রায় দুই শতাধিক চিকিৎসক ও শিক্ষক অংশ নেন।

মানববন্ধনে সংগঠনের সভাপতি ডা. মো. খলিলুর রহমান বলেন, বাংলাদেশের বিকল্প চিকিৎসাব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হোমিওপ্যাথি। ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশে রাষ্ট্রীয় স্বীকৃতির মাধ্যমে এই চিকিৎসা শিক্ষা কার্যক্রমের যাত্রা শুরু হলেও প্রশাসনিক জটিলতা ও আইন বাস্তবায়নে দীর্ঘসূত্রতার কারণে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তিনি বলেন, বর্তমানে সারা দেশে ৬৬টি বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল রয়েছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষা ও প্রশাসনিক ব্যবস্থাপনার জটিলতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

সমিতির পক্ষ থেকে উত্থাপিত তিন দফা দাবির মধ্যে রয়েছে—হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ অনুযায়ী কাউন্সিলের পূর্ণাঙ্গ গভর্নিং বডি ও নির্বাহী পরিষদ গঠন করা; অনুমোদিত হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সরকার নির্ধারিত বেতন-ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ দেওয়া; এবং চিকিৎসায় ব্যবহৃত ফার্মাকোপিয়াভুক্ত হোমিওপ্যাথিক ওষুধকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতামুক্ত রাখা।

সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মীর মো. নাঈমুল হক বলেন, ১৯৮০ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে হোমিওপ্যাথিক চিকিৎসাশিক্ষার উন্নয়নে মিরপুরে সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়। পাশাপাশি দিনাজপুর ও পাবনায় কলেজ প্রতিষ্ঠায় জমি ও আর্থিক সহায়তা দেওয়া হয়। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আমলে কাউন্সিলের ভবন কেনা এবং সরকারি কলেজের অবকাঠামোগত উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়েছিল। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে হোমিওপ্যাথিক চিকিৎসাশিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঠিক দিকনির্দেশনা ও দ্রুত হস্তক্ষেপ জরুরি।

চুয়াডাঙ্গা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সহকারী অধ্যক্ষ ডা. তারেক আহম্মেদ বলেন, ২০২৩ সালের আইনটি পূর্ণাঙ্গভাবে কার্যকর করে একটি নির্বাচিত নির্বাহী পরিষদ গঠন করা এখন সময়ের দাবি। একই সঙ্গে শিক্ষক ও কর্মচারীদের বেতন-ভাতা বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে নির্ধারণ করতে হবে। ফরিদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের চিকিৎসক হামিদুল ইসলাম বলেন, স্বল্প খরচে হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে অসহায় মানুষ সেবা পাচ্ছেন। ওষুধের গুণগত মান বজায় রাখতে নির্দিষ্ট মাত্রায় অ্যালকোহলসহ প্রয়োজনীয় উপাদান ব্যবহার করতে হয়, যা মাদকদ্রব্য আইনের সঙ্গে সাংঘর্ষিক হওয়া উচিত নয়। তিনি ওষুধ উৎপাদন ও মান নিয়ন্ত্রণে জটিলতা নিরসনে হোমিওপ্যাথিক ওষুধকে মাদক আইনের আওতামুক্ত করার দাবি জানান।