সারাদেশে চাঁদাবাজদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট করেছেন যে, শুধু চাঁদাবাজরাই নয়, তাদের কর্মকাণ্ডের সঙ্গে কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে তাদেরও চিহ্নিত করে তালিকাভুক্ত করা হচ্ছে। শনিবার (২২ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদাবাজরা রাতারাতি কোটিপতি হওয়ার আশায় চিহ্নিত সন্ত্রাসী, দাগি আসামি ও গডফাদারদের নাম ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড চালায়। তিনি জানান, আজই বিশেষ করে মেট্রো এলাকাগুলোতে এ বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশসহ দেশের সব মেট্রোপলিটন এলাকায় চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি।
তিনি আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ধরতে যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর হামলার ঘটনার প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি সংঘবদ্ধ চক্র ইএনটি বিভাগের প্রধানের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করে ভয়ভীতি প্রদর্শন ও হামলা চালাচ্ছিল, যার পেছনে চাঁদাবাজির উদ্দেশ্য ছিল।
তিনি জানান, চক্রটির সাত সদস্যের মধ্যে ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৪৮ ঘণ্টার মধ্যে মূলহোতাকেও পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। পুলিশের কাজের প্রশংসা করলেও তিনি বলেন, তাদের আরও কাজ বাকি আছে এবং সংঘবদ্ধ চাঁদাবাজদের সমাজ থেকে নির্মূল করতে হবে।

