হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের গুদামে আগুন দেওয়ার চেষ্টা, কর্মীকে মারধর

রাজধানীর হাজারীবাগে হামলা ও হুমকির পর এবার এ জে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস কার্যালয়ের গুদামঘরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। তবে আগুন ভয়াবহভাবে ছড়িয়ে পড়ার আগেই দ্রুত তা নিভিয়ে ফেলতে সক্ষম হন প্রতিষ্ঠানটির সতর্ক কর্মীরা।

অগ্নিকাণ্ডের ঘটনার ঠিক দুই ঘণ্টা পর, সকাল সাড়ে ৬টার দিকে কাজ শেষ করে বাসায় ফিরছিলেন কুরিয়ার সার্ভিসটির এক কর্মী। পথে ৬ থেকে ৭ জন দুর্বৃত্ত তাঁর গতি রোধ করে। তিনি এ জে আর কুরিয়ারের কর্মী কি না তা নিশ্চিত হওয়ার পর তাঁকে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে তাঁর কাছে থাকা একটি স্মার্টফোন ও মানিব্যাগ ছিনতাই করে পালিয়ে যায় হামলাকারীরা।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, হামলাকারীরা নিজেদের শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের অনুসারী পরিচয়ে এই তাণ্ডব চালিয়েছে। জানা গেছে, দুই বছর আগে সিকদার গ্রুপের কাছ থেকে চুক্তির মাধ্যমে জমিটি ভাড়া নেয় কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষ। কিন্তু সম্প্রতি জমিটির ভাড়া শিকদার গ্রুপকে না দিয়ে সন্ত্রাসী ইমনের কাছে দেওয়ার জন্য ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছিল। অব্যাহত হুমকি ও হামলার ঘটনায় গত ২১ অক্টোবর এ জে আর কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপক আফসার উদ্দিন বাদী হয়ে হাজারীবাগ থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার পরিপ্রক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে এ পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছে।

এ বিষয়ে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, এলাকায় আতঙ্ক সৃষ্টি করে চাঁদা ও টাকা আদায়ের লক্ষ্যেই আসামিরা এই ধরনের সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে। এসব হামলা ও ভাঙচুর প্রতিরোধে পুলিশ তৎপর রয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়া দুই আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাতে রায়েরবাজারের একটি মাঠের পাশ থেকে কুরিয়ার সার্ভিসের লুট হয়ে যাওয়া সিসিটিভি ক্যামেরার চারটি ডিভিআর উদ্ধার করা হয়েছে।