গুলশানে নিষিদ্ধ দলের মিছিল: ৩২ জন গ্রেপ্তার, রিমান্ডে ২৪

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি মিছিলে অভিযান চালিয়ে অন্তত ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অভিযানে মিছিলকারীদের কাছ থেকে পাঁচটি ককটেল জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার সকালে ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় মোট ১১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে অজ্ঞাতনামা আসামি রয়েছেন ৮০ থেকে ১০০ জন। যারা সরাসরি ককটেল বিস্ফোরণ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে এই আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন জানান, গত শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের একটি গলিতে নিষিদ্ধ সংগঠনের প্রায় ১৫০ থেকে ২০০ নেতাকর্মী জড়ো হয়ে মিছিলের চেষ্টা করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছুড়ে তাদের সরিয়ে দেয়। ঘটনাস্থল ও আশপাশ থেকে ৩২ জনকে সরাসরি মিছিলে অংশগ্রহণের অভিযোগে গ্রেপ্তার করা হয়। এর আগে, শুক্রবার দুপুরে গুলশান-৩ নম্বর সড়কের কেএফসি গলিতে মিছিল থেকে আব্দুর রহিম (৪৯) ও মো. আরাফাত (২০) নামে দুজনকে আটক করেছিল পুলিশ।

এদিকে, মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তারকৃতদের মধ্যে ২৪ জনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এই আদেশ দেন। রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন—মো. রহিম, মো. জাহাঙ্গীর হোসেন, মো. আলমগীর হোসেন, সাব্বির হোসেন, কামরুল হাসান, মো. মুন্না মিয়া, সামিন ইয়াসার (সাফায়াত), মো. রাসেল, এইচ এম জাকারিয়া রহমান, মিনহাজুল ইসলাম ফাহাদ, সোহেল আহমেদ, মো. সোহরাব, মো. হযরত আলী, মো. আক্তারুল ইসলাম মাসুদ, চাঁন মিয়া, মো. হাবিব সিকদার, মো. জহির হোসেন, মেহেদী হাসান, কবির ভাণ্ডারী, বাবুল গোপ, মো. ফরিদ আহমেদ, ইন্দ্রনীল দেব শর্মা, মো. নজরুল ইসলাম ও মাসুদ হাসান শামীম।

তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার এসআই রুহুল আমিন ২৫ আসামিকে আদালতে হাজির করে সুষ্ঠু তদন্ত, মূল রহস্য উদ্‌ঘাটন ও পরিকল্পনাকারীদের শনাক্ত করার লক্ষ্যে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করলেও রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করে। আদালত ২৪ জনের রিমান্ড মঞ্জুর করলেও আরাফাত নামে একজনকে শিশু হিসেবে দাবি করায় তার বিষয়ে কাগজপত্র দাখিল ও অধিকতর শুনানির জন্য রোববার দিন ধার্য করেছেন।