রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিলকে কেন্দ্র করে এবার প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হলো ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদের বিরুদ্ধে। বুধবার (১৬ সেপ্টেম্বর) এক অফিস আদেশে তাকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে ডিএমপি সদর দপ্তরে রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে।
ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা ওই আদেশে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক কারণে এম তানভীর আহমেদকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হলো। এর আগে একই দিনে গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকেও প্রত্যাহার করা হয়। প্রশাসনিক কারণ দেখিয়ে দাউদ হোসেনকে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে গুলশানের ৩ নম্বর সড়কে কেএফসি-সংলগ্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করে। মিছিলটি ছত্রভঙ্গ করতে গেলে দায়িত্বরত পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করা হয়। এ ঘটনায় পুলিশ হাতেনাতে দুজনকে গ্রেফতার করে এবং পাঁচটি ককটেল উদ্ধার করে। এই ঘটনার পর থেকে এখন পর্যন্ত অন্তত ৭৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মঙ্গলবার সচিবালয়ে এক অনুষ্ঠানে জানিয়েছেন, গুলশানে নিষিদ্ধ ঘোষিত দলের মিছিলের বিষয়ে গোয়েন্দা তথ্য থাকলেও পুলিশ হয়তো ধারণা করতে পারেনি যে জুমার নামাজ পড়ার নাম করে তারা এমন ঘটনা ঘটাবে। মন্ত্রী আরও জানান, বেলা ১১টার দিকে জুমার নামাজ আদায়ের কথা বলে সেখানে লোকজন জড়ো হয়েছিল এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

