লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় সরকারের তীব্র নিন্দা

লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং তার দলের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ১৬ নভেম্বর লন্ডনে নাহিদ ইসলামের সম্মানে আয়োজিত একটি নাগরিক সংবর্ধনায় অংশ নেওয়া বাংলাদেশিদের ওপর হামলা চালায় আওয়ামী লীগের কর্মীরা। বাংলাদেশে সন্ত্রাস ও সহিংসতার কারণে দলটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে। এই হামলায় প্রায় ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে এবং তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশের নাগরিকদের বিরুদ্ধে সংঘটিত এই সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ডকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে সরকার। বিবৃতিতে বলা হয়, ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে চালানো এ ধরনের হামলা বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ক্ষুণ্ন করে।

সরকার এ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত, দোষীদের শনাক্ত এবং যুক্তরাজ্যের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিচারের আওতায় আনার জন্য দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। বিবৃতিতে আরও জোর দিয়ে বলা হয়, দেশে কিংবা বিদেশের মাটিতে কোনো নাগরিকের গণতান্ত্রিক অধিকার চর্চা ও রাজনৈতিক মতপ্রকাশের কারণে সহিংসতা বা ভয়ভীতির শিকার হওয়া উচিত নয়।