বিগত সরকারের আমলে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হিসাব পর্যালোচনা করে বেশ কিছু গরমিল পাওয়া গেছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।
মন্ত্রী জানান, ফরেনসিক অডিটের মাধ্যমে এ–সংক্রান্ত কমিটি এসব অসংগতি চিহ্নিত করেছে। বিশেষজ্ঞ পর্যায়ের এই পর্যালোচনার প্রতিবেদনটি খুব শীঘ্রই প্রকাশ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
পরিসংখ্যানের গুরুত্ব তুলে ধরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রশ্নবিদ্ধ পরিসংখ্যান দিয়ে কোনো কাজ করা সম্ভব নয়। এটি নিজের সঙ্গে প্রতারণা করার শামিল। সরকারের কাছে তথ্য হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। এ কারণে বিবিএসকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হচ্ছে এবং জনবলের ঘাটতির বিষয়টিও বর্তমান সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
তিনি আরও বলেন, অতীতের অনিয়মের গভীরে যাওয়ার লক্ষ্যেই এই ফরেনসিক অডিট করা হয়েছে, কাউকে ব্যক্তিগতভাবে লক্ষ্যবস্তু করার জন্য নয়। মন্ত্রী মন্তব্য করেন, যত বেশি তথ্য উন্মুক্ত করা হবে, তত বেশি ভুল ও অসংগতি সামনে আসবে, যা থেকে সংশোধনের সুযোগ তৈরি হবে।

