তীব্র গ্যাস সংকটে চট্টগ্রামের শিল্পাঞ্চল ও বিদ্যুৎ উৎপাদন খাত বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে। চাহিদার তুলনায় পর্যাপ্ত গ্যাস সরবরাহ না পাওয়ায় পোশাক কারখানা, ইস্পাত শিল্প, জাহাজভাঙা ইয়ার্ড এবং স্টিল স্ট্রাকচার কারখানাগুলোর উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। অনেক কারখানায় উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখতে হয়েছে, যার ফলে ব্যবসায়ীরা বড় ধরনের লোকসানের আশঙ্কায় রয়েছেন।
কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) সূত্রে জানা গেছে, চট্টগ্রাম অঞ্চলে বর্তমানে দৈনিক গ্যাসের প্রকৃত চাহিদা ৩১২ থেকে ৩৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি)। এর মধ্যে সার কারখানায় ৯০ থেকে ১০০ এমএমসিএফডি, বিদ্যুৎকেন্দ্রে প্রায় ৪০ এমএমসিএফডি এবং সিএনজি স্টেশনে প্রায় ১৯ এমএমসিএফডি গ্যাস প্রয়োজন হয়। বিপরীতে জাতীয় গ্রিড থেকে বরাদ্দ থাকলেও বর্তমানে গড়ে মাত্র ১৯০ এমএমসিএফডি গ্যাস সরবরাহ পাওয়া যাচ্ছে। অর্থাৎ চাহিদার প্রায় ৪৫ দশমিক ৭১ শতাংশ গ্যাসের ঘাটতি রয়েছে।
শিল্পপ্রতিষ্ঠানের পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ২২৫ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্রগুলোতে ৩৭ এমএমসিএফডি গ্যাসের বিপরীতে পাওয়া যাচ্ছে মাত্র ২৮ এমএমসিএফডি। গ্যাস সংকটের কারণে রাউজান ও আনোয়ারাসহ বিভিন্ন এলাকার একাধিক ২১০ মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন ইউনিট বন্ধ রয়েছে। বিএসআরএমের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর তপন সেনগুপ্ত জানিয়েছেন, গত কয়েকদিন ধরে কারখানা পুরোপুরি বন্ধ রাখতে হয়েছে, যা ব্যবসায়িক মন্দার পাশাপাশি উৎপাদন খরচ বাড়িয়ে দিচ্ছে।
সার কারখানার উৎপাদন পরিস্থিতিরও অবনতি হয়েছে। আনোয়ারা সিইউএফএল গত ৪ মার্চ থেকে বন্ধ রয়েছে এবং কাঁচামাল সংকটে ডিএপিএফসিএল-এর উৎপাদনও স্থবির। কাফকোতে উৎপাদন সীমিত করা হয়েছে, যা আসন্ন আমন মৌসুমে সার সরবরাহের ওপর প্রভাব ফেলার শঙ্কা তৈরি করেছে।
শিল্পের পাশাপাশি সাধারণ মানুষ ও পরিবহন খাতেও সংকট তীব্র হয়েছে। বুধবার নগরীর সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের জন্য যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। গ্যাসের চাপ কম থাকায় স্টেশনগুলোতে সরবরাহ অনিয়মিত হয়ে পড়েছে, ফলে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গ্যাস পাচ্ছেন না চালকরা। কেজিডিসিএলের উপমহাব্যবস্থাপক (বিতরণ উত্তর) প্রকৌশলী মোহাম্মদ রফিক খান বলেন, ‘বর্তমানে চাহিদার তুলনায় গ্যাসের সরবরাহ কম। দৈনিক বরাদ্দ ২৪৬ মিলিয়ন ঘনফুট হলেও পাওয়া যাচ্ছে ১৯০ মিলিয়ন ঘনফুট। আমরা সরবরাহ বাড়ানোর চেষ্টা করছি।’

