ফার্নেস অয়েলের দাম বাড়াল বিইআরসি

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ফার্নেস অয়েলের দাম পুনর্নির্ধারণ করেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংস্থাটি জানিয়েছে, এখন থেকে প্রতি লিটার ফার্নেস অয়েল গ্রাহকদের ১০৮ টাকা ৭৮ পয়সায় কিনতে হবে। এর আগে গত ৩০ জুলাই ফার্নেস অয়েলের দাম নির্ধারণ করা হয়েছিল লিটারপ্রতি ১০০ টাকা ৩৯ পয়সা। অর্থাৎ, নতুন করে লিটারপ্রতি দাম বেড়েছে ৮ টাকা ৩৯ পয়সা।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের প্লাটস রেটের গড়, অপরিশোধিত তেলের এফওবি মূল্য এবং মার্কিন ডলারের বিনিময় হারের মতো সংশ্লিষ্ট বিষয়গুলো বিশ্লেষণ করেই এই দাম সমন্বয় করা হয়েছে। নতুন এই দাম বুধবার দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কর্তৃক সরবরাহকৃত এই ফার্নেস অয়েলের নতুন মূল্যহার বিদ্যুৎকেন্দ্র, শিল্পকারখানা, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো) এবং অন্যান্য সংশ্লিষ্ট গ্রাহকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।