ফ্রান্সে শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভ, ১৮০০ স্কুল অবরুদ্ধ

ফ্রান্সে শিক্ষাখাতে বাজেট বরাদ্দ কমানোর পরিকল্পনা এবং শিক্ষক ও শ্রেণিকক্ষের তীব্র সংকটের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকারের বিরুদ্ধে গত দুই সপ্তাহ ধরে চলা শিক্ষার্থীদের এই আন্দোলন কয়েক দশকের মধ্যে অন্যতম বৃহত্তম ছাত্র বিক্ষোভে রূপ নিয়েছে। আন্দোলনের অংশ হিসেবে দেশজুড়ে শত শত স্কুল অবরুদ্ধ (ব্লকেড) করে রেখেছেন শিক্ষার্থীরা।

হাইস্কুল স্টুডেন্টস ইউনিয়নের দেওয়া তথ্য অনুযায়ী, ইতিমধ্যে ফ্রান্সজুড়ে ১ হাজার ৮০০-র বেশি স্কুল ব্লকেড বা অবরুদ্ধ করা হয়েছে। এই অচলাবস্থার কারণে কোনো কোনো স্কুল বিকল্প হিসেবে অনলাইনে পাঠদান কার্যক্রম সচল রাখার চেষ্টা করছে। সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, শিক্ষার্থীদের এই শান্তিপূর্ণ আন্দোলন এখন শহুরে সহিংসতায় রূপ নিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, মার্সেই, নাঁতেস এবং লিওঁ শহরে সকাল থেকেই শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শুরু হয়। তবে ধারণা করা হচ্ছে, দুপুরের পর রাজধানী প্যারিসে সবচেয়ে বড় জমায়েত ও বিক্ষোভ প্রদর্শিত হবে। আন্দোলনের শুরুর দিকে পুলিশ শিক্ষার্থীদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ এবং গণগ্রেপ্তার চালালে বিক্ষোভের তীব্রতা আরও ছড়িয়ে পড়ে।

এদিকে এই আন্দোলনকে কেন্দ্র করে উত্তর ফ্রান্সে গতকাল সোমবার এক সহিংসতার ঘটনা ঘটেছে, যেখানে এক শিক্ষার্থীর হাত বিস্ফোরণে উড়ে গেছে। স্থানীয় সরকারি কর্মকর্তাদের মতে, সেখানে ২৫০ থেকে ৩০০ বিক্ষোভকারী পুলিশকে লক্ষ্য করে শক্ত বস্তু ছুড়ছিল। তবে ওই শিক্ষার্থীর হাত কীভাবে উড়ে গেছে, তা সরকারিভাবে নিশ্চিত করা হয়নি।

তবে আঞ্চলিক সংবাদমাধ্যম 'লা ভয়েক্স নর্ড' এক প্রতিবেদনে জানিয়েছে, ১৫ বছর বয়সী এক শিক্ষার্থী পুলিশের একটি গ্রেনেড নিজের হাতে তুলে নিয়েছিল। সেটি তার হাতেই বিস্ফোরিত হলে কনুইয়ের নিচের অংশসহ তার হাতটি উড়ে যায়।