বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে আটক করা হয়। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে বারিধারার একটি বাসা থেকে তাকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি ভাটারা থানা পুলিশের হেফাজতে রয়েছেন। তবে তাকে ঠিক কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে প্রাথমিকভাবে কোনো তথ্য জানাননি ওসি।
মুফতি রুহুল আমিন ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বায়তুল মোকাররমের খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। ২০১৮ সালে শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়ার ঘটনায় তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর বায়তুল মোকাররমে জুমার নামাজ পড়ানোকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার পর থেকেই মুফতি রুহুল আমিন অনেকটা আত্মগোপনে ছিলেন। সংঘর্ষের ঘটনার দুই দিন পর, ২২ সেপ্টেম্বর ধর্মবিষয়ক মন্ত্রণালয় তাকে বায়তুল মোকাররমের খতিব পদ থেকে অপসারণ করে।

