সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটকে ৯/১১ স্টাইলে বিধ্বস্ত করার ভয়াবহ পরিকল্পনা করেছিলেন ওমানের নাগরিক ও সহ-পাইলট হামাম আল-হামামি। ২৯ বছর বয়সী হামামি ওমানের নাগরিক, যার বাবা ওমানি এবং মা সিরীয়। সিরিয়ার গৃহযুদ্ধের সময় তিনি সেখানে বসবাস করেন এবং অনলাইনে আল-কায়েদার সমর্থনে বিভিন্ন বার্তা পোস্ট করতেন। ইসরায়েলের চ্যানেল ১২-এর কাছে সূত্রগুলো জানিয়েছে, আল-হামামি প্রথমে জুলাই মাসে তার পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নেন, কিন্তু ক্রু সদস্যদের একজনের সঙ্গে বন্ধুত্বের কারণে শেষ মুহূর্তে পিছিয়ে যান। ফ্লাইদুবাইয়ে যোগ দেওয়ার পর সাম্প্রতিক মাসগুলোতে তিনি বেশ কয়েকবার বেন গুরিয়ন বিমানবন্দরে যাতায়াত করেন।
চ্যানেল ১৩-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লাইদুবাইয়ে যোগ দেওয়ার আগেই ওমানি সহকারী পাইলট এই হামলার পরিকল্পনা করেছিলেন। তদন্তকারীদের তিনি বলেছেন, তেল আবিবে কোন বিমান সংস্থা ফ্লাইট পরিচালনা করে তা তিনি আগে থেকেই পর্যবেক্ষণ করতেন। জর্ডানের আকাশসীমায় থাকাকালীন আল-হামামি ককপিটে ক্যাপ্টেন স্মিত মাচ্চারের ওপর হামলা চালান। ইতালির সংবাদপত্র কোরিয়েরে দেল্লা সেরা জানিয়েছে, ক্যাপ্টেন মাচ্চারের ওপর হামলার পর আল-হামামি বিমানের ইঞ্জিন বন্ধ করে দেন এবং রাডার সামনে ঠেলে দেন। এর ফলে এক মিনিটেরও কম সময়ে বিমানটি ১৬ হাজার ফুট নিচে নেমে যায় এবং প্রায় শব্দের গতির কাছাকাছি পৌঁছে যায়।
আহত হওয়া সত্ত্বেও ক্যাপ্টেন মাচ্চার সাহসিকতার সঙ্গে পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন। তিনি বিপদসংকেত পাঠান এবং ককপিটের দরজা খুলে দেন। এরপর বিমানের ক্রু ও যাত্রীরা মিলে আল-হামামিকে নিয়ন্ত্রণে নেন। পরবর্তীতে দায়িত্বে থাকা দুজন অফ-ডিউটি পাইলট বিমানটিকে নিরাপদে সৌদি আরবে অবতরণ করান। নিরাপত্তার ঘাটতি নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ চরমপন্থী মতাদর্শের কারণে ওমান সরকার একসময় আল-হামামিকে বিমান চালানো থেকে নিষিদ্ধ করেছিল। ফ্লাইদুবাই কীভাবে তাকে নিরাপত্তাঝুঁকি হিসেবে শনাক্ত করতে ব্যর্থ হলো, সেটি এখনও স্পষ্ট নয়। ইসরায়েলের পরিবহনমন্ত্রী মিরি রেগেভ জানিয়েছেন, তাদের মন্ত্রণালয়কে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি।

