সাটুরিয়ায় ফাতেমা হত্যার রহস্য উন্মোচন, ঘাতক আফছার ঢাকায় গ্রেপ্তার

মানিকগঞ্জের সাটুরিয়ায় লাইলী বেগম ওরফে ফাতেমা (৫৮) নামের এক নারীকে নৃশংসভাবে হত্যার ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। দীর্ঘ ১৭-১৮ বছরের পরকীয়া সম্পর্কের টানাপোড়েন এবং বিয়ে নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তার হওয়া মো. আফছার (৫৫) সাটুরিয়া উপজেলার মৈশলোহা গ্রামের মৃত ফয়জুদ্দিনের ছেলে। তিনি ঢাকার পল্লবী থানার বাউনিয়া বাঁধ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

৩১ আগস্ট সোমবার বিকেল ৪টায় নিজ কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম। তিনি জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় ৩১ আগস্ট রাত ২টা ৪৫ মিনিটে ঢাকার পল্লবী থানার বাউনিয়া বাঁধ এলাকার ভাড়া বাসা থেকে আফছারকে গ্রেপ্তার করা হয়। মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালোর তত্ত্বাবধানে এবং এসআই মো. হিমেল হোসেনের নেতৃত্বে ডিবি ও সাটুরিয়া থানা পুলিশের একটি যৌথ দল এই অভিযান পরিচালনা করে।

পুলিশ ও মামলার বিবরণী থেকে জানা যায়, নিহত লাইলী বেগম পাবনা সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ঢাকার মিরপুর মডেল থানার সেনপাড়া পর্বতা এলাকায় বসবাস করতেন। তার সঙ্গে আফছারের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয় এবং বিয়ে করা নিয়ে বিরোধ দেখা দিলে আফছার তাকে হত্যার পরিকল্পনা করেন।

পরিকল্পনা অনুযায়ী, গত ২৯ আগস্ট দুপুরে ঢাকার সেনপাড়া পর্বতার বাসা থেকে একটি ধারালো চাকু সঙ্গে নিয়ে লাইলী বেগমকে সাথে করে সাটুরিয়ার উদ্দেশ্যে রওনা হন আফছার। সন্ধ্যার দিকে তারা নয়াডিঙ্গী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছান এবং রাত সাড়ে ৭টার দিকে নাহার গার্ডেন সংলগ্ন একটি নির্জন স্থানে যান। সেখানে বিয়ে নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে আফছার লাইলীর পরনের কাপড়ের আঁচল দিয়ে তার গলা পেঁচিয়ে শ্বাসরোধ করেন। লাইলী মাটিতে পড়ে গেলে তার গলার ওপর পা দিয়ে চাপ প্রয়োগ করেন এবং সঙ্গে থাকা চাকু দিয়ে পেটে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করেন।

হত্যাকাণ্ডের পর আফছার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরদিন ৩০ আগস্ট সকাল পৌনে ১১টার দিকে সাটুরিয়া থানা পুলিশ খবর পেয়ে নাহার গার্ডেন সংলগ্ন নির্জন এলাকা থেকে অজ্ঞাতপরিচয় ওই নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে। এরপরই ঘটনার তদন্তে নামে ডিবি পুলিশ। সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মোশাররফ হোসেন নিহতের পরিচয় নিশ্চিত করে জানান, ঘটনার পর দ্রুততম সময়ে মূল আসামিকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।