আশুলিয়ায় ভুয়া পত্রিকার আড়ালে নকল কনডমের কারখানা, ২ কোটির পণ্য জব্দ

ঢাকার সাভারের আশুলিয়ায় ভুয়া পত্রিকার সাইনবোর্ড এবং সামাজিক সংগঠনের আড়ালে পরিচালিত একটি অবৈধ নকল কনডম ও জন্মনিয়ন্ত্রণ সামগ্রী তৈরির কারখানার সন্ধান পেয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় আশুলিয়ার বাইপাইল এলাকায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকা মূল্যের নকল ও অনুমোদনহীন মালামাল জব্দ করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, কারখানাটির বাইরে ‘দৈনিক অন্যায়ের চিত্র’ নামের একটি ভুয়া সংবাদপত্রের সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়েছিল। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে একটি সামাজিক সংগঠন হিসেবেও জাহির করা হতো। তবে এই আড়ালে ভেতরে সম্পূর্ণ অবৈধভাবে ও অনুমোদনহীন উপায়ে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী প্যাকেটজাত ও মজুত করা হচ্ছিল।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অবৈধ কারখানায় অভিযান চালানো হয়। তিনি বলেন, জব্দকৃত পণ্যের সিংহভাগই পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধ পথে আনা হয়েছে, যা সরকারকে বিপুল রাজস্ব থেকে বঞ্চিত করছে। এছাড়া এসব সামগ্রীর গুণগত মান পরীক্ষার কোনো সুযোগ না থাকায় সাধারণ ভোক্তারা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।

এর আগেও এই একই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৪ লাখ টাকা জরিমানা এবং ভবনটি সিলগালা করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে বৈধ ব্যবসা করার শর্তে সিলগালা খুলে দেওয়া হলেও মালিকপক্ষ গোপনে পুনরায় এই অবৈধ কার্যক্রম শুরু করে। এই অভিযানের সময় কারখানার মালিক ও মূল অভিযুক্ত শাহাদত হোসেন শান্তুকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে তার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।