রাজবাড়ী সদর উপজেলার আইয়ুব হিলটপ সুপার মার্কেটে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ শিশু পণ্য বিক্রির অপরাধে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) বিকেলে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পায়রা চৌধুরী। জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানটির ম্যানেজার ওলিউর রহমানকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযানকালে ওই প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত ম্যানেজার ওলিউর রহমান (৫৮) সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বার্থা গ্রামের আব্দুর রহমান খানের ছেলে। অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক এবং সদর থানা পুলিশের একটি দল সহায়তা প্রদান করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট পায়রা চৌধুরী জানান, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও সংরক্ষণের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে অর্থদণ্ড এবং ম্যানেজারকে কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

