ইউরোপে আশ্রয়প্রার্থী বাংলাদেশি নাগরিকদের জন্য দিন দিন পরিস্থিতি জটিল হয়ে উঠছে। ইউরোপীয় ইউনিয়নের নতুন অভিন্ন আশ্রয়নীতিতে বাংলাদেশকে নিরাপদ উৎসদেশের তালিকায় অন্তর্ভুক্ত করায় আবেদন নিষ্পত্তিতে যুক্ত হয়েছে নতুন কড়াকড়ি। এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়ন Agency for Asylum (ইইউএএ) প্রকাশিত ২০২৬ সালের প্রথম ছয় মাসের পর্যালোচনায় দেখা গেছে, প্রথম পর্যায়ের সিদ্ধান্তে শরণার্থী মর্যাদা অথবা সহায়ক সুরক্ষা পাচ্ছেন মাত্র ২ থেকে ৩ শতাংশ বাংলাদেশি। নতুন নিয়মের কারণে এখন দ্রুততর পদ্ধতি ও নির্দিষ্ট শর্তে সীমান্তভিত্তিক প্রক্রিয়ায় বাংলাদেশিদের আবেদন নিষ্পত্তি করা হতে পারে, যা ইউরোপের পথ ধরা আশ্রয়প্রার্থীদের সামনে এক বড় চ্যালেঞ্জ তৈরি করেছে।
ইইউএএ-র তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্যদেশ এবং নরওয়ে ও সুইজারল্যান্ড নিয়ে গঠিত ‘ইইউ প্লাস’ অঞ্চলে প্রায় ২০ হাজার বাংলাদেশি আশ্রয়ের আবেদন জমা দিয়েছেন। এই সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ শতাংশ বেশি, যা আবেদনকারীর সংখ্যার দিক থেকে বাংলাদেশকে ওই অঞ্চলে তৃতীয় বৃহত্তম জনগোষ্ঠীর স্থানে বসিয়েছে। তবে জমা পড়া আবেদনগুলোর প্রায় ৯৬ শতাংশই ছিল প্রথমবারের আবেদন এবং মাত্র ৪ শতাংশ ছিল পুনরায় আবেদন। এত বিপুল আবেদনের বিপরীতে প্রথম পর্যায়ের সিদ্ধান্তে মাত্র ২ থেকে ৩ শতাংশ ক্ষেত্রে ইতিবাচক সাড়া মিলেছে। তবে এটি চূড়ান্ত সিদ্ধান্ত নয়; প্রথম পর্যায়ে আবেদন প্রত্যাখ্যাত হলে সংশ্লিষ্ট দেশের আইন মেনে আপিল বা আইনি প্রক্রিয়ার সুযোগ থাকে, কারণ প্রতিটি আবেদনকারীর ব্যক্তিগত ঝুঁকি ও নির্যাতন বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়ার বিধান বহাল রয়েছে।
পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা যায়, ২০২৬ সালের জুনের শেষ নাগাদ ইউরোপজুড়ে প্রায় ৩৬ হাজার বাংলাদেশির আন্তর্জাতিক সুরক্ষার আবেদন প্রথম পর্যায়ের সিদ্ধান্তের অপেক্ষায় ছিল। সমগ্র ইউরোপের সব জাতীয়তা মিলিয়ে এই সময়ে অনিষ্পন্ন প্রথম পর্যায়ের আবেদনের সংখ্যা ছিল প্রায় ৭ লাখ ৭০ হাজার এবং বিচারিক ও প্রশাসনিক পর্যায়সহ মোট অনিষ্পন্ন আবেদন দাঁড়িয়েছিল আনুমানিক ১১ লাখ ৮০ হাজারে। ২০২৬ সালের প্রথম ছয় মাসে ইউরোপীয় ইউনিয়নে সব দেশের নাগরিকদের কাছ থেকে আন্তর্জাতিক সুরক্ষার মোট ৩ লাখ ৩২ হাজার আবেদন জমা পড়ে, যা আগের বছরের চেয়ে ১৭ শতাংশ কম। এই সময়ে বাংলাদেশিদের জন্য ইউরোপের প্রধান গন্তব্য ছিল ইতালি, ফ্রান্স ও জার্মানি।
দেশভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণ করলে বিভিন্ন দেশের ফলাফলে পার্থক্য দেখা যায়। অ্যাসাইলাম ইনফরমেশন ডেটাবেইসের ২০২৫ সালের তথ্য অনুযায়ী, ফ্রান্সে ৪ হাজার ৪২০টি বাংলাদেশি আবেদন নথিভুক্ত হওয়ার পর ৫ হাজার ৭৭০টি আবেদনের প্রথম পর্যায়ের সিদ্ধান্ত হয়। এর মধ্যে ৩৯৫ জন শরণার্থী মর্যাদা ও ১৪৫ জন সহায়ক সুরক্ষাসহ মোট ৫৪০ জন (৯.৪ শতাংশ) সুরক্ষা পান। ইতালিতে ২০২৫ সালে ২৮ হাজার ৩৬৫টি আবেদনের বিপরীতে ২৯ হাজার ৫৯৫টির সিদ্ধান্ত হয়, যেখানে ৩৮০ জন শরণার্থী মর্যাদা, ১৫৫ জন সহায়ক সুরক্ষা ও ২ হাজার ৮২০ জন জাতীয় আইনের আওতায় বিশেষ সুরক্ষাসহ মোট ৩ হাজার ৩৫৫ জন (১১.৩৪ শতাংশ) সুরক্ষা পেয়েছেন। তবে ইইউএএ-র ২০২৬ সালের প্রথম ছয় মাসের পর্যালোচনায় দেখা যায়, ইতালিতে বাংলাদেশিদের প্রায় ২০ হাজার প্রথম পর্যায় সিদ্ধান্তে শরণার্থী বা সহায়ক সুরক্ষা পাওয়ার হার ছিল মাত্র ২ শতাংশ। একই সময়ে ফ্রান্সে এই হার ছিল ১২ শতাংশ এবং গ্রিসে তা ছিল ১ শতাংশেরও নিচে। অন্যদিকে জার্মানির ২০২৫ বা ২০২৬ সালের তথ্যে বাংলাদেশিদের পৃথক নিখুঁত সংখ্যা স্পষ্টভাবে উল্লেখ না থাকলেও দেশটিতে ২০২৫ সালে মোট ১ লাখ ৬৮ হাজার ৫৪৩ জন সব জাতীয়তার আবেদনকারী নথিভুক্ত হন।
বাংলাদেশিদের জন্য আশ্রয় পাওয়ার এই কঠিন পরিস্থিতির পেছনে বড় ভূমিকা রাখছে ইইউ-এর প্রথম অভিন্ন নিরাপদ উৎসদেশের তালিকা। ২০২৬ সালের ১২ জুন থেকে কার্যকর হওয়া নতুন নীতিতে বাংলাদেশ ছাড়াও ভারত, মিসর, মরক্কো, তিউনিসিয়া, কলম্বিয়া ও কসোভোকে নিরাপদ উৎসদেশ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এর মানে হলো, নীতিগতভাবে ইউরোপ ধরে নিয়েছে যে এসব দেশে সাধারণভাবে নিপীড়ন বা গুরুতর ক্ষতি হওয়ার ঝুঁকি নেই। এর ফলে আবেদন দ্রুত পরীক্ষা করা এবং যেসব দেশের ইইউ-জুড়ে প্রথম পর্যায়ের স্বীকৃতির হার ২০ শতাংশ বা তার কম, তাদের ক্ষেত্রে দ্রুততর ও সীমান্তভিত্তিক প্রক্রিয়ায় নিষ্পত্তি করার নিয়ম প্রযোজ্য হচ্ছে। তবে ব্যক্তিগতভাবে নিজ দেশে সুনির্দিষ্ট নির্যাতন বা হুমকির জোরালো ও বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পারলে আবেদনকারীর সুরক্ষার বিষয়টি মূল্যায়নের বাধ্যবাধকতা এখনও রয়েছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর ২০২৫ সালের তথ্য অনুসারে, ইউরোপমুখী বাংলাদেশিদের প্রায় ৮৩ শতাংশই ইতালির সীমান্ত দিয়ে প্রবেশ করেন। পাশাপাশি ফ্রন্টেক্সের তথ্য বলছে, ২০২৬ সালের প্রথম ছয় মাসে মধ্য ভূমধ্যসাগরীয় পথে অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশিরাই ছিলেন সংখ্যায় সবচেয়ে বেশি। শ্রম অভিবাসনের সাথে এই অনিয়মিত যাত্রাপথের দীর্ঘদিনের সম্পর্ক থাকলেও ঝুকিপূর্ণ এই যাত্রার পরিণতি প্রায়শই করুণ হচ্ছে। সম্প্রতি বিভিন্ন দেশ থেকে কাগজপত্রহীন বাংলাদেশিদের চার্টার্ড ফ্লাইটে ফেরত পাঠানোর ঘটনা বেড়েছে।
চলতি বছরের ১১ নভেম্বর গ্রিস থেকে ৪০ জন এবং সাইপ্রাস থেকে ৪ জনসহ মোট ৪৪ জন বাংলাদেশিকে একটি বিশেষ বিমানে দেশে ফেরত পাঠানো হয়েছে, যাদের মধ্যে এক নারীও ছিলেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ব্র্যাকের মাইগ্রেশন কর্মসূচি, বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা বিভাগ ও প্রবাস কল্যাণ ডেস্কের যৌথ উদ্যোগে এবং ইইউ-ব্র্যাকের ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় তাদের জরুরি খাদ্য, কাউন্সেলিং ও যাতায়াত খরচ দেওয়া হয়। এর আগে ২৩ অক্টোবর ইতালি থেকে ১৯ জন, গ্রিস থেকে ১০ জন ও সাইপ্রাস থেকে ৬ জনসহ মোট ৩৫ জন বাংলাদেশিকে একইভাবে ফেরানো হয়। ব্র্যাক জানায়, ২০১৭ সালে স্বাক্ষরিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি)-এর আওতায় এ পর্যন্ত প্রায় ৫ হাজার অবৈধভাবে অবস্থানকারী বাংলাদেশি ইউরোপ থেকে ফেরত এসেছেন।
ব্র্যাকের মাইগ্রেশন কর্মসূচি ও ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল হাসান জানান, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি ও গ্রিসে প্রবেশকারীদের মধ্যে বাংলাদেশিরা শীর্ষে রয়েছেন এবং অনেকেই ৩০ থেকে ৪০ লাখ টাকা খরচ করেও শেষ পর্যন্ত নিঃস্ব হয়ে দেশে ফিরছেন। বিপজ্জনক এই পথে প্রাণহানির ঝুঁকি যেমন রয়েছে, তেমনি টিকটকের মতো সোশ্যাল মিডিয়ায় অনিয়মিত অভিবাসনের মিথ্যা প্রলোভন বন্ধের তাগিদ দেন তিনি। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন দক্ষ কর্মীদের জন্য বৈধ পথ তৈরির লক্ষ্যে ২০২৬ সালের মার্চে ‘ইইউ ট্যালেন্ট পুল’ প্ল্যাটফর্মের অনুমোদন দিয়েছে, যার মাধ্যমে কর্মীঘাটতি থাকা খাতে সরাসরি নিয়োগদাতাদের সাথে অ-ইউরোপীয় কর্মীদের যোগাযোগের সুযোগ সৃষ্টি হবে। এছাড়া বাংলাদেশ ও ইতালির মধ্যে ২০২৫ সালের মে মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মাধ্যমেও নিয়মিত অভিবাসন উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে প্রলোভনে পড়ে ঝুঁকিপূর্ণ অবৈধ পথ এড়িয়ে বৈধ চাকরির বাজার ও যোগ্যতাকে কাজে লাগানোই অভিবাসনপ্রত্যাশীদের জন্য নিরাপদ পথ হিসেবে বিবেচিত হচ্ছে।

