পালটে গেছে বিদ্যুতের হিসাব: মধ্যরাতে বাড়ছে অস্বাভাবিক চাহিদা

দেশে বর্তমানে ৫০ থেকে ৬০ লাখ ব্যাটারিচালিত রিকশা চলাচল করছে। অপরিকল্পিতভাবে বেড়ে যাওয়া এসব রিকশার কারণে দেশের বিদ্যুৎ চাহিদা ও সরবরাহের চিরাচরিত হিসাব পুরোপুরি পালটে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, এখন দিনের চেয়ে মধ্যরাতেই বিদ্যুতের চাহিদা বেশি থাকছে। শুধু এই রিকশাগুলোই মধ্যরাতে চার্জের মাধ্যমে ২ থেকে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ গিলে খাচ্ছে। এর ফলে সরকারকে বাধ্য হয়ে উচ্চমূল্যের জ্বালানি তেলের বিদ্যুৎকেন্দ্রগুলো সচল রাখতে হচ্ছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান রেজাউল করিম শনিবার যুগান্তরকে জানান, কাগজে-কলমে পিক ও অফ-পিক সময়ের যে ধারণা ছিল, বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই। মধ্যরাতে বিদ্যুতের চাহিদা দেড় থেকে ২ হাজার মেগাওয়াট কম থাকার কথা থাকলেও বাস্তবে তা থাকছে না। পিজিসিবির তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে রাত ১টায় বিদ্যুতের চাহিদা দিনের সর্বোচ্চ চাহিদাকেও ছাড়িয়ে যাচ্ছে। পিডিবি, ডেসকো ও ডিপিডিসির হিসাব অনুযায়ী, কেবল ঢাকা শহরেই মধ্যরাতে ব্যাটারিচালিত রিকশা চার্জ দিতে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হয়।

দেশে ঠিক কত ব্যাটারিচালিত রিকশা আছে, তার সুনির্দিষ্ট সরকারি পরিসংখ্যান না থাকলেও বুয়েটের পরিবহণ বিশেষজ্ঞ ড. মো. হাদিউজ্জামান জানান, দেশে বর্তমানে ৫০ থেকে ৬০ লাখ রিকশা রয়েছে, যার অন্তত ২০ থেকে ২৫ লাখ শুধু ঢাকাতেই চলাচল করে। অনেক শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় অনেকে রিকশা চালানোকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। ব্র্যাক ইউনিভার্সিটির অধ্যাপক ড. সেবাস্তিয়ান গ্রোহের গবেষণায়ও ৬০ লাখ রিকশার বিষয়টি উঠে এসেছে এবং প্রতিদিন ৩ থেকে ৪ হাজার নতুন রিকশা রাস্তায় নামছে। কনফিডেন্স ব্যাটারিজ লিমিটেডের চেয়ারম্যান ইমরান করিমের মতে, বাজারে ৫০ লাখের বেশি রিকশা চালু আছে এবং প্রতি মাসে অন্তত ৫ লাখ নতুন ব্যাটারি বিক্রি হচ্ছে। উত্তরখানের হোসনে আরা এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ দাউদ জানান, শুধু ওই এলাকায় ১৪৭টির বেশি বৈধ গ্যারেজ রয়েছে। অন্যদিকে, রিকশার পাইকারি বিক্রেতা আল আমিন ট্রেডার্সের মালিক মোহাম্মদ লিয়াকত জানান, এখন দৈনিক রিকশা বিক্রির হার আগের তুলনায় অনেক কমে গেছে।

বিদ্যুতের ওপর বাড়তি চাপের আরেকটি কারণ হলো বাসাবাড়িতে বৈদ্যুতিক চুলার অস্বাভাবিক ব্যবহার। গ্যাস সংকট ও এলপিজির উচ্চমূল্যের কারণে বর্তমানে দেশে ৩০ থেকে ৩৫ লাখ বৈদ্যুতিক চুলা ব্যবহৃত হচ্ছে। ওয়ালটনের হোম অ্যাপ্লায়েন্স বিভাগের ম্যানেজার মোহাম্মদ মাকসুদুর রহমান জানান, ২০২৪ সালের আগে মাসে গড়ে ১০ হাজার চুলা বিক্রি হলেও গত আগস্টে তা ৪ লাখে পৌঁছেছিল। পিডিবি সদস্য জহুরুল ইসলামের মতে, এসব চুলার কারণে দিনে নতুন করে প্রায় ৫০০ মেগাওয়াট বিদ্যুতের বাড়তি চাহিদা তৈরি হয়েছে।

তবে এই সংকটের মধ্যেও নতুন সম্ভাবনার কথা জানিয়েছে সবুজ জ্বালানি নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ‘সোলশেয়ার’। বর্তমানে দেশের ৯৫ শতাংশ রিকশায় লিড-অ্যাসিড ব্যাটারি ব্যবহৃত হচ্ছে। এর পরিবর্তে আধুনিক লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করা গেলে প্রতিদিন ১৩ কোটি ২০ লাখ টাকার বেশি বিদ্যুৎ সাশ্রয় সম্ভব। সোলশেয়ারের পরীক্ষামূলক প্রকল্পে দেখা গেছে, লিথিয়াম ব্যাটারিতে চার্জের ৪০ শতাংশ পর্যন্ত মজুত থাকে, যা রাত ১২টার আগে জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব। উত্তরখানের হোসনে আরা এন্টারপ্রাইজ ইতোমধ্যে ‘নেট মিটারিং’ সিস্টেমের মাধ্যমে ১ হাজার ৭২ ইউনিট বিদ্যুৎ ডেসকোর লাইনে যুক্ত করেছে। সোলশেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সেবাস্তিয়ান গ্রোহের মতে, এই ৬০ লাখ রিকশাকে স্মার্ট লিথিয়াম-আয়ন ব্যাটারির মাধ্যমে ‘ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্ট’ হিসেবে ব্যবহার করা গেলে বছরে প্রায় ৯ হাজার ৫০০ কোটি টাকা সাশ্রয় করা সম্ভব।

গ্যারেজের মালিক মোহাম্মদ দাউদ যুগান্তরকে বলেন, লিড অ্যাসিডের ব্যাটারিতে দিনে ১৩০-১৩৫ টাকার আর লিথিয়াম ব্যাটারিতে ৮০-৮৫ টাকার চার্জ লাগে। লিথিয়াম ব্যাটারি তিন বছর চলে। লিড ব্যাটারি এক বছরের কম চলে। হোসনে আরা এন্টারপ্রাইজে পরীক্ষামূলকভাবে ১৮ কিলোওয়াটের একটি সোলার প্যানেলও বসানো হয়। ওই প্যানেল দিয়ে দিনে তিনটি রিকশার লিথিয়াম ব্যাটারির চার্জ দেওয়া যায়। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি উদ্যোগে আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে বিদ্যুৎ খাতের এই চ্যালেঞ্জকে বড় সম্ভাবনায় রূপ দেওয়া সম্ভব।