নতুন মিটার লাগানোর আগেই গ্রাহকের নামে ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া বাজার এলাকায় এক অদ্ভুত কাণ্ড ঘটেছে। সেখানে নতুন মিটার স্থাপনের আগেই শ্রী নিমাই চন্দ্র সরকার নামক এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিদ্যুৎ বিল পাঠানো হয়েছে। মিটার স্থাপন কিংবা বিদ্যুৎ সংযোগ দেওয়ার আগেই বিল আসায় ভুক্তভোগী গ্রাহক চরম বিস্ময় প্রকাশ করেছেন।

নিমাই চন্দ্র সরকার জানান, তার বাসায় ইতোমধ্যে দুটি আবাসিক ও দুটি বাণিজ্যিক মিটার রয়েছে। এর বাইরে আরও একটি নতুন মিটার সংযোগের জন্য তিনি আবেদন করেছিলেন। তবে নতুন মিটারটি স্থাপন করার আগেই তার নামে ৬৯২ টাকা পরিশোধের জন্য বিল চলে আসে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, তার বাসায় চারটি মিটারের পাশাপাশি নতুন মিটারের জন্য একটি ওয়্যারিং বোর্ড তৈরি থাকলেও সংযোগ দেওয়া হয়নি। তবুও মোট পাঁচটি বিদ্যুৎ বিলের কাগজ তার নামে এসেছে, যার মধ্যে নতুনটির জন্য আগস্ট মাসের বিল ধরা হয়েছে ৬৯২ টাকা।

সংযোগ না থাকা সত্ত্বেও বিল তৈরির এই ঘটনায় স্থানীয়দের মধ্যেও ক্ষোভ ও বিস্ময় দেখা দিয়েছে। তারা বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। এ বিষয়ে তেঘরিয়া অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মোখলেছুর রহমান জানান, নিমাই সরকারের সাথে কথা বলেই বিল করা হয়েছে। তবে মিটার বা সংযোগ না থাকলেও বিল করা যায় কি না—এমন প্রশ্নের জবাবে তিনি স্বীকার করেন যে, এটি ভুল হয়ে গেছে।

জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির মাদারগঞ্জ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম) আবু সালেহ মো. নাঈম জানান, সফটওয়্যার পরিবর্তনের কারণে এমন যান্ত্রিক সমস্যা হয়েছে। তবে মিটার ও সংযোগ না থাকা অবস্থায় কীভাবে গ্রাহকের নামে বিল তৈরি হলো, তার কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা তিনি দিতে পারেননি। একই অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সৈয়দা ফারজানা ইয়াসমিনও বিষয়টি নিয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি। তিনি জানান, মিটার বা সংযোগ ছাড়া কীভাবে বিল আসে তা তার জানা নেই এবং তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলার পরামর্শ দেন।