ডায়ানার ছবি নিয়ে ভুল স্বীকার করে পিয়ার্স মরগানের কাছে ক্ষমা চাইলেন স্পেন্সার

প্রিন্সেস ডায়ানাকে নিয়ে লেখা নিজের নতুন স্মৃতিকথায় ভুল তথ্য দেওয়ার কথা স্বীকার করে প্রখ্যাত সাংবাদিক পিয়ার্স মরগানের কাছে ক্ষমা চেয়েছেন ডায়ানার ভাই আর্ল স্পেন্সার। ডায়ানার ব্যক্তিগত মুহূর্তের কিছু ছবি প্রকাশের পেছনে মরগানের হাত ছিল বলে বইটিতে যে অনুমান করা হয়েছিল, তা ভুল ছিল বলে জানিয়েছেন তিনি। তবে এই ক্ষমা প্রার্থনার পরও স্পেন্সার ও বইয়ের প্রকাশকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মরগান।

গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) প্রকাশিত হয়েছে আর্ল স্পেন্সারের নতুন বই ‘সোয়ান সং: ডায়ানা, মাই সিস্টার’। এই বইয়ে তিনি দাবি করেছিলেন, ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে জিমনেসিয়ামে শরীরচর্চারত ডায়ানার কিছু গোপন ছবি প্রকাশের পেছনে পিয়ার্স মরগানের সম্পৃক্ততা ছিল। তবে মরগান এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন। গত সোমবার নিজের ইউটিউব শো ‘পিয়ার্স মরগান আনসেন্সর্ড’-এ তিনি জানান, ছবিগুলো ১৯৯৩ সালের ৭ নভেম্বর ‘সানডে মিরর’-এ প্রকাশিত হয়েছিল। অথচ তিনি ‘ডেইলি মিরর’-এর সম্পাদক হিসেবে যোগ দেন তার প্রায় দুই বছর পর, ১৯৯৫ সালের অক্টোবরে। ছবিগুলো প্রকাশের সময় তিনি প্রতিদ্বন্দ্বী পত্রিকা ‘দ্য সান’-এ বিনোদন কলাম লিখতেন।

মরগানের এই প্রতিবাদের পর মঙ্গলবার একটি বিবৃতিতে নিজের ভুল স্বীকার করেন স্পেন্সার। তিনি জানান, ডায়ানার শেষকৃত্যে মরগানকে আমন্ত্রণ না জানানোর বিষয়ে তাদের মধ্যে যে কথোপকথন হয়েছিল, তার বিবরণ সঠিক ছিল। তবে মরগানের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার কারণ হিসেবে তিনি যে অনুমান করেছিলেন, তা ছিল ভুল। স্পেন্সার লিখেছিলেন, মরগান সম্ভবত ডেইলি মিররের সম্পাদক ছিলেন এবং মিরর গ্রুপ ওই ছবিগুলো প্রকাশ করেছিল বলেই এমন আচরণ করেছিলেন। নিজের বিবৃতিতে স্পেন্সার বলেন, একজন ইতিহাসবিদ হিসেবে তথ্যের নির্ভুলতা তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তিনি এই ভুল অনুমানের জন্য মরগানের কাছে দুঃখ প্রকাশ করছেন।

ক্ষমা চাওয়ার বিষয়টি নিশ্চিত করে মরগান সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, বইয়ে করা মানহানিকর মিথ্যার জন্য স্পেন্সার ক্ষমা চেয়েছেন। তবে তিনি স্পেন্সার ও বইটির প্রকাশক পেঙ্গুইনের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবেন। বই থেকে ওই অংশটি প্রত্যাহার এবং ক্ষতিপূরণের দাবিতে তিনি আইনজীবীদের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছেন। এই ক্ষতিপূরণের অর্থ ‘কিংস ট্রাস্ট’-এ দান করা হবে বলে জানান মরগান। ১৯৯৫ থেকে ২০০৪ সাল পর্যন্ত ডেইলি মিররের সম্পাদক থাকা মরগান আরও উল্লেখ করেন, ডায়ানার মৃত্যুর সময় স্পেন্সার দক্ষিণ আফ্রিকায় ছিলেন এবং তাদের মধ্যে দূরত্ব ছিল। অথচ সম্পাদক হিসেবে ডায়ানার সঙ্গে তার ভালো যোগাযোগ ছিল এবং কেনসিংটন প্যালেসে প্রিন্স উইলিয়ামের উপস্থিতিতে তাদের মধ্যাহ্নভোজও হয়েছিল।

স্পেন্সারের এই বইয়ে ডায়ানার মৃত্যুর পর রাজা চার্লসের একটি মন্তব্য নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। বইয়ের দাবি অনুযায়ী, ডায়ানার মৃত্যুর পর চার্লস বলেছিলেন, ‘আমরা খুব শিগগিরই তাকে ভুলে যাব।’ এই দাবি নিয়ে বাকিংহাম প্যালেসের সঙ্গে স্পেন্সারের পাল্টাপাল্টি বক্তব্য চলছে। মরগান জানান, রাজপরিবারের ঘনিষ্ঠ অনেকেই এই তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং রাজা চার্লস নিজেও এতে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। এদিকে, প্রকাশের প্রথম দিনে লন্ডনের বইয়ের দোকানগুলোতে ২৮ পাউন্ড মূল্যের এই বইটির তেমন সাড়া দেখা যায়নি। এমনকি ইউরোপের বৃহত্তম ওয়াটারস্টোনস পিকাডিলি শাখায় বইটি অর্ধেক দামে বিক্রি হতে দেখা গেছে।