কঙ্গোর বুকাভু শহরে স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৪ শিক্ষার্থী

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) একটি মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশটির সাউথ কিভু প্রদেশের রাজধানী বুকাভু শহরে অবস্থিত দুটি স্কুলে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় শিশুসহ অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। আগুনের হাত থেকে বাঁচতে গিয়ে হুড়োহুড়িতে তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডে শিক্ষার্থীদের পাশাপাশি কয়েকজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির মৃত্যুরও খবর পাওয়া গেছে। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া এই অগ্নিকাণ্ডে প্রায় ৩০০টিরও বেশি ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

বুকাভু শহরটি ডিআর কঙ্গোর পাহাড়ি অঞ্চলের অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। তবে ঠিক কী কারণে বা কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। গত বছরের ফেব্রুয়ারি মাসে এম২৩ বিদ্রোহীরা শহরটি দখল করে নিয়েছিল।