রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না বলে কঠোর হুশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। শনিবার বিকেলে মোহাম্মদপুরের বছিলা পুলিশ লাইনসে স্থানীয় নাগরিকদের সঙ্গে আইনশৃঙ্খলাবিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। তিনি স্পষ্টভাবে বলেন, এই মোহাম্মদপুরে কিশোর গ্যাং বলে কোনো শব্দ আর থাকবে না।
সভায় উপস্থিত নাগরিকরা তাদের এলাকায় কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইয়ের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তবে নাগরিকদের মতে, বর্তমানে এই অপরাধগুলো আগের তুলনায় কিছুটা কমেছে। পুলিশের পরিসংখ্যানও একই চিত্র তুলে ধরছে। কমিশনার মোসলেহ উদ্দিন জানান, গত তিন মাসের অপরাধের পরিসংখ্যান বিশ্লেষণ করলে কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইয়ের ক্ষেত্রে উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে। তবে কেবল পরিসংখ্যান দিয়ে পরিস্থিতি বিচার না করে পুলিশ পুরোপুরি অপরাধমুক্ত এলাকা গড়তে কাজ করছে।
মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে ডিএমপি কমিশনার বলেন, শুধু পুলিশের পক্ষে এই সমস্যা নির্মূল করা সম্ভব নয়। তিনি বলেন, জনতার প্রতিরোধই সবচেয়ে বড় শক্তি। তিনি এলাকাবাসীকে পুলিশের সঙ্গে মিলে এলাকাভিত্তিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি স্বীকার করেন যে, পুলিশের পক্ষ থেকেও প্রচেষ্টার কিছু ঘাটতি থাকতে পারে, তবে তা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে।
মোহাম্মদপুর থানার আটটি বিটকে শক্তিশালী করার নির্দেশ দিয়ে কমিশনার বলেন, তেজগাঁও বিভাগের কর্মকর্তাদের বিট পুলিশিং আরও জোরদার ও জবাবদিহির আওতায় আনা হবে। পুলিশের কাছে মোহাম্মদপুরের মাদক স্পট ও কিশোর গ্যাংয়ের আস্তানার তালিকা রয়েছে এবং সেই অনুযায়ী অভিযান চালানো হচ্ছে। এছাড়া অটোরিকশার গ্যারেজগুলোতেও নিয়মিত অভিযানের নির্দেশ দিয়ে তিনি বলেন, রাতে গ্যারেজের ভেতরে কাউকে পাওয়া গেলে তাকে গ্রেপ্তার করা হবে।
কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও ডিএমপি যৌথভাবে কাজ করবে বলে জানান তিনি। ছিনতাইকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে কমিশনার বলেন, ছুরি, আগ্নেয়াস্ত্র বা দেশীয় অস্ত্র নিয়ে ছিনতাইয়ের চেষ্টা করলে আইনগতভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে অস্ত্র প্রয়োগও করা হবে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে মোহাম্মদপুরের বছিলা পুলিশ লাইনসে নাগরিকদের সঙ্গে আইনশৃঙ্খলাবিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

