সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন। স্বামীর মৃত্যুর কারণে কারাবন্দি দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দিয়েছেন মুন্সীগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এই সময়ের মধ্যে তিনি সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মুক্ত থাকবেন।
বুধবার কারা কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। প্যারোলে মুক্তির বিষয়ে দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল হোসেন জানান, কারা আইন ও সংশ্লিষ্ট কারাবিধিতে দিনের আলোতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির বিধান রয়েছে। এক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেটের এখতিয়ার রয়েছে। সেই বিধান অনুযায়ী, তার ১২ ঘণ্টার প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর হয়েছে।
এর আগে তার আইনজীবী চারদিনের জন্য প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন। এ বিষয়ে আইনজীবী ফয়সাল হোসেন বলেন, আমরা চারদিনের প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করেছিলাম। জেলা প্রশাসক আমাদের ১২ ঘণ্টার প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেছেন। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই মুক্তি কার্যকর থাকবে।

