দিল্লিতে নিরাপত্তার অজুহাতে আটকের পর মুক্তি পেয়ে ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি অভিযোগ করেছেন, তাকে কোনো আইনি প্রক্রিয়ায় গ্রেপ্তার বা আটক করা হয়নি, বরং বাড়ি থেকে কার্যত ‘ অপহরণ ’ করা হয়েছিল। গত ১০ অক্টোবর সকালে ঘটে যাওয়া এই ঘটনার বিবরণ তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক ভিডিও বার্তায় তিনি নরেন্দ্র মোদি সরকারের তীব্র সমালোচনা করেন।
ভিডিওতে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে ধ্রুব রাঠি বলেন, গত ১০ অক্টোবর সকাল সাতটার দিকে তিনি যখন তার গুরুগাঁওয়ের বাড়ির শোবার ঘরে ঘুমিয়ে ছিলেন, তখন অন্তত ২০ জন সাধারণ পোশাকের লোক বাড়িতে ঢুকে তাকে টেনেহিঁচড়ে নিয়ে যান। সে সময় বাড়ির বাইরে আরও অর্ধশত মানুষ অবস্থান করছিলেন। তাকে একটি গাড়িতে তুলে নেওয়ার আগে স্যান্ডেল পরার সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি। এছাড়া যারা তাকে নিয়ে যান, তারা নিজেদের কোনো পরিচয় দেননি, গ্রেপ্তারি পরোয়ানা দেখাননি কিংবা কোনো আইনের কথা উল্লেখ করেননি বলে তিনি দাবি করেন।
এই ইউটিউবার আরও জানান, নেওয়ার পর তাকে একাধিক থানা ঘোড়ানো হয় এবং টানা ২২ থেকে ২৩ ঘণ্টা আটকে রাখা হয়। ওই সময় তার ও তার বাবা-মায়ের মুঠোফোন কেড়ে নেওয়া হয়েছিল এবং থানায় আইনজীবীর সঙ্গে দেখা করতে চাওয়া হলেও সে অনুমতি দেওয়া হয়নি। নিজের ভারতীয় পাসপোর্ট ভিডিওতে প্রদর্শনের মাধ্যমে ধ্রুব স্পষ্ট জানান, তিনি ভারতের নাগরিক এবং ভবিষ্যতেও থাকবেন। তার আটকের বিষয়ে বিদেশি পাসপোর্টের প্রসঙ্গ তুলে কিছু সংবাদমাধ্যমে পরিবেশিত খবরকে সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেন তিনি।
নিজের বিরুদ্ধে কোনো আইন ভঙ্গের অভিযোগ অস্বীকার করে ধ্রুব রাঠি বলেন, কোনো অপরাধ না করা সত্ত্বেও কেবল সত্য কথা বলা এবং একটি স্বাধীন ও উন্নত নির্বাচন কমিশনের দাবি তোলার কারণেই তাকে এভাবে হয়রানির শিকার হতে হয়েছে। একে গণতান্ত্রিক অধিকারের স্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, কোনো অপরাধ না করা সত্ত্বেও সাধারণ নাগরিককে শোবার ঘর থেকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা কোনো গণতান্ত্রিক দেশে সম্ভব কি না। দেশে এখন কার্যত এক ‘ অঘোষিত জরুরি অবস্থা ’ চলছে বলে তিনি মন্তব্য করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমের এই কন্টেন্ট ক্রিয়েটর আরও অভিযোগ করেন, তিনি ছাড়াও ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রানকাসহ একাধিক রাজনৈতিক নেতা ও আন্দোলনকারীকে একই দিনে আটক করা হয়েছিল। মুক্তির পরও পরিস্থিতি স্বাভাবিক হয়নি জানিয়ে ধ্রুব বলেন, তার বাড়ির চারপাশে এখনও বিভিন্ন লোক নজরদারি চালিয়ে যাচ্ছে, যার ফলে তিনি স্বাধীনভাবে বের হতে পারছেন না। এই পরিস্থিতিকে তিনি ‘ অনানুষ্ঠানিক গৃহবন্দিত্ব ’ হিসেবে বর্ণনা করেন।
তবে এ ধরনের দমন-পীড়ন চালিয়ে আন্দোলন থামানো যাবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। তিনি বলেন, ভয় দেখিয়ে তার মুখ বন্ধ করা যাবে না; সরকারের আক্রমণ যত বাড়বে, প্রতিবাদের কণ্ঠও তত জোরদার হবে। তাকে সমর্থনের জন্য জলবায়ু আন্দোলনকর্মী সোনম ওয়াংচুকসহ আন্দোলনকারীদের ধন্যবাদ জানিয়ে তিনি ভবিষ্যতেও দেশের স্বার্থে কথা বলে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, ভোটার তালিকা সংশোধনে প্রায় ১৩ কোটি ভোটারের নাম বাদ পড়ার অভিযোগে গত ১০ অক্টোবর দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ডেকেছিল সিজেপি। সেই আন্দোলনকে ঘিরে পরিচালিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে গুরুগাঁওয়ের বাসা থেকে ধ্রুব রাঠিকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। তবে বিরোধীদের আনা অনিয়মের সব অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছে ভারতের ক্ষমতাসীন বিজেপি ও নির্বাচন কমিশন।
ধ্রুব রাঠির দাবি, গত ১০ অক্টোবর সকাল ৭টার দিকে তিনি নিজের শোবার ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় সাধারণ পোশাকে প্রায় ২০ জন তার বাড়িতে ঢুকে তাকে টেনেহিঁচড়ে নিয়ে যান। তার ভাষ্য অনুযায়ী, বাড়ির বাইরে আরও ৫০ জনের বেশি লোক অবস্থান করছিলেন।

