উন্মুক্ত হলো ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুটি সার্ভিস সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত দুটি সার্ভিস সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। প্রতিটি ২ লেন বিশিষ্ট এই সেতুগুলোর দৈর্ঘ্য ৩.৭১ কিলোমিটার। গতকাল সকালে আশুলিয়ার ধউর এলাকায় ফিতা কেটে এই উড়াল সড়কের একাংশ উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে সেতুমন্ত্রী বলেন, দেশের দীর্ঘতম উড়াল সড়ক ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি অংশ আজ খুলে দেওয়া হলো। বর্তমান সরকারের গত ছয় মাসের তৎপরতায় প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়ায় এটি সম্ভব হয়েছে। আগামী বছরের মধ্যে প্রকল্পের পুরো কাজ শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, সিএমসি প্রেসিডেন্ট কিউ আই ইয়ি এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুর রউফ উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় সংসদ সদস্যরা এক্সপ্রেসওয়ের এই অংশটি খুলে দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানান।

প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, তুরাগ নদের পানি প্রবাহ নির্বিঘ্ন রাখতে আশুলিয়া বাজার থেকে ধউর বেড়িবাঁধ পর্যন্ত বিদ্যমান সড়কটি আর থাকছে না। ফলে টোল ছাড়াই সার্ভিস লেন ব্যবহার করে তুরাগ নদ পার হওয়া যাবে।

উল্লেখ্য যে, একনেকে অনুমোদনের পাঁচ বছর পর রাজধানী ঢাকার অন্যতম প্রবেশদ্বার আশুলিয়া হয়ে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সহজ করতে ২০২২ সালের ১২ই নভেম্বর ২৪ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শুরু হয়। শুরুতে নানা জটিলতায় প্রকল্পের কাজ ধীরগতিতে চললেও বর্তমানে তা বেশ গতি পেয়েছে এবং জুলাই পর্যন্ত প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে ৭২ শতাংশ। দ্বিতীয় সংশোধনীতে ব্যয় ৫৪.১ শতাংশ বেড়ে বর্তমানে দাঁড়িয়েছে ২৭,০৪৫.৬৭ কোটি টাকায়। সংশোধিত নকশায় ড্রেনেজ ব্যবস্থা, ভূগর্ভস্থ বৈদ্যুতিক লাইন, বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালের সঙ্গে সংযোগ স্থাপন এবং বাইপাইলে তিন তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন ট্রাম্পেট ইন্টারচেঞ্জ নির্মাণের পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে।