উন্নয়নের জন্য গণতন্ত্র অপরিহার্য: স্বৈরতন্ত্রের ব্যর্থতা ও বাস্তবতা

জাতীয় উন্নতির প্রতিশ্রুতি দিয়ে গণতন্ত্রকে গণভবন নামক প্রাসাদে বন্দি করার চাতুরী অনেক আগেই ধরা পড়েছে। আওয়ামী লীগের পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন মডেলটি গণঅভ্যুত্থান ও নির্বাচনি রায়ের মাধ্যমে এ দেশের জনগণ প্রত্যাখ্যান করেছেন। মাফিয়াতন্ত্রবিরোধী গণঅভ্যুত্থানের দুই বছর পার হলেও এখনো অনেকে প্রশ্ন তোলেন—স্বৈরাচারী শাসনে কি আসলেই বেশি উন্নতি হয়? আধুনিক গণতন্ত্র ও উন্নয়ন একে অপরের পরিপূরক, সাংঘর্ষিক নয়। ক্ষমতাচ্যুত স্বৈরাচারীরা ভিন্নমত দমন ও জনগণের অধিকার হরণ করে তাদেরই ক্ষোভ থেকে বাঁচতে পালিয়ে গেছেন; তারা উন্নয়নবিরোধীও, কারণ তারা ডাকাতের মতো জাতীয় সম্পদ লুণ্ঠন করেছেন।

শেখ হাসিনার সমর্থকরা এখনো বিদ্যুৎ সংকট বা আইনশৃঙ্খলার অবনতির সুযোগ নিয়ে নিজেদের পাপ আড়াল করার মওকা খুঁজছেন। কিছু সমালোচক ৫ আগস্ট ২০২৪-এর গণঅভ্যুত্থানের চাপে হাসিনার পতন কেন অনিবার্য ছিল, সেই যৌক্তিকতাকে চ্যালেঞ্জ করার ধৃষ্টতা দেখাচ্ছেন। তাদের প্রপাগান্ডা বলে দেয়, তারা হাসিনা ও তার দল আওয়ামী লীগের সমার্থক ফ্যাসিবাদকে গণতন্ত্রের চেয়ে উত্তম মনে করেন। গণতান্ত্রিক পরিবেশে তাদের গাত্রদাহের লক্ষণ সুস্পষ্ট। সংসদে বিরোধী দল—জামায়াতে ইসলামী ও ন্যাশনাল সিটিজেনস পার্টি—ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করছে, অ্যাক্টিভিস্টরা সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করছেন। ফ্যাসিবাদী দৃষ্টিতে এগুলো কেমন গণতন্ত্রের নমুনা!

হাসিনা আমলের কথিত প্রবৃদ্ধির দাবির বিপরীতে ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমানের একদলীয় বাকশাল শাসনামলে প্রবৃদ্ধি ছিল ঋণাত্মক (মাইনাস) ৪ শতাংশ। আর ১৯৮২ থেকে ১৯৯০ সালের মধ্যে এইচ এম এরশাদের স্বৈরাচারী শাসনামলে অর্থনীতির প্রবৃদ্ধি ছিল ৩.৮-৪.০ শতাংশ—ওই দশক ছিল আরেক অন্ধকার যুগ। ১৯৯০-এর দশকে দারিদ্র্য ও অগণতান্ত্রিক ব্যবস্থার শৃঙ্খল ভেঙে বাংলাদেশ ধারাবাহিকভাবে উচ্চ প্রবৃদ্ধির যুগে প্রবেশ করে। নির্বাচনি ব্যবস্থার নতুন যাত্রার সঙ্গে সেই দশকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ১.০ বেড়ে ৫.০ শতাংশে পৌঁছায় এবং পরবর্তী দশকে তা ৬.০ শতাংশ স্পর্শ করে।

হাসিনার ১৫ বছরের অগণতান্ত্রিক শাসনামলে ৭.০ শতাংশ প্রবৃদ্ধি দেখিয়ে যে উল্লম্ফনের দাবি করেন তার সমর্থকরা, তাতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সমর্থন জোগায় কিছু বিদেশি পক্ষও। তারা ভুলে যান এর আগের ১৬ বছরের নির্বাচনি ব্যবস্থার মাধ্যমে অর্জিত অর্থনৈতিক গতিশীলতার কথা। হাসিনা শাসনের আসল ‘কৃতিত্ব’ হলো, এ দেশের মানুষ দেখেছে ক্ষমতাশালীরা ইচ্ছামতো টাকা কামাতে পারে কীভাবে—বাড়িয়ে দেখানো উন্নয়ন প্রকল্প, ব্যাংক লুট, শেয়ারবাজারে কারসাজি, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহের উচ্চমূল্য দিয়ে জনগণকে জিম্মি করা, প্রতিটি বাজার ও পাবলিক প্লেসে ব্যবসা-বাণিজ্যে চাঁদাবাজি, সরকারি তহবিল তছরুপ এবং আরো কত কী!

এটি ছিল সেই সময় (২০০৯-২০২৪), যখন সরকারি তথ্য অনুযায়ী, জিডিপি ১০২ বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে দাঁড়ায় ৪৫০ বিলিয়ন ডলারে, যার মোট প্রবৃদ্ধি ছিল ৩৪৮ বিলিয়ন ডলার। তবে একই সময়ে এই প্রবৃদ্ধির দুই-তৃতীয়াংশ বা ২৩৪ বিলিয়ন ডলারের সমপরিমাণ অর্থ পাচার হয়ে বিদেশে চলে গেছে। জনগণের কণ্ঠস্বর রোধ না থাকলে এই প্রবৃদ্ধি আত্মসাৎ করা সম্ভব হতো না। হাসিনার প্রতি সহানুভূতিশীল সমালোচকরা এসব সমস্যার জন্য নির্বাচিত বিএনপি সরকারকে দায়ী করলেও এড়িয়ে যান যে, বর্তমান সরকার কোন চ্যালেঞ্জগুলো উত্তরাধিকারসূত্রে পেয়েছে—ইউটিলিটি বা সেবামূল্যের উচ্চ ব্যয়, ব্যাপক দুর্নীতি ও চাঁদাবাজি, সরকারের নিম্নমানের সেবা প্রদান, নাকি জনকল্যাণমূলক ব্যয়কে ক্ষতিগ্রস্ত করা ১০০ বিলিয়ন ডলারের বেশি ঋণ পরিশোধের দায়?

হাসিনা যে কায়দায় জনগণের প্রতিনিধিত্বকে খর্ব করে তার করপোরেট-আমলাতান্ত্রিক রাষ্ট্রক্ষমতা দখল করেন, তাতে প্রবৃদ্ধির সুফল পাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের অধিকারকে স্বীকার করা হয়নি। বিপরীতে, প্রধানমন্ত্রী তারেক রহমান জনপ্রিয় ভোটে নির্বাচিত এবং তিনি তার দলের এক সংসদ সদস্যকে জমি দখলের অভিযোগে পদত্যাগ করতে বলেছেন। অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ তার ‘মার্কেটস, মোরালস অ্যান্ড ডেভেলপমেন্ট’ গ্রন্থে লিখেছেন, অর্থনৈতিক উন্নয়ন গণতন্ত্রের মাধ্যমেই অর্জন করতে হয়। অমর্ত্য সেনের সেই বিখ্যাত উক্তির আদলে বলা যায়, একটি দেশকে গণতন্ত্রের যোগ্য বলে গণ্য হতে হয় না; বরং গণতন্ত্রের মাধ্যমেই তাকে যোগ্য হয়ে উঠতে হয়। আজ সমগ্র জাতির একটাই উত্তর: উন্নয়নের জন্য গণতন্ত্র প্রয়োজন। বাংলাদেশিরা প্রগতির সেই অন্ধকার যুগে আর ফিরে যেতে চান না।