কুমিল্লার বরুড়া উপজেলার শাকপুর ইউনিয়নের চৌওড়ী এলাকায় মোবারক হোসেন (৮০) নামে এক বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯টার দিকে চৌওড়ী শহীদ স্মৃতি ক্যাডেটের পাশের একটি বাগান থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
মোবারক হোসেন দীর্ঘদিন ধরে বরুড়া সদরের এমএস ফার্মেসির সামনে বসে লুঙ্গি সেলাইয়ের কাজ করতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে একটি ছুরি ও কীটনাশকের একটি বোতল উদ্ধার করা হয়েছে।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
