কুমিল্লার চৌদ্দগ্রামে দেড় লাখ টাকার বিনিময়ে এক নবজাতককে বিক্রির ঘটনার মাত্র চার ঘণ্টার মধ্যে শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—জোবেদা আক্তার সানজিদা (৩৫), নজরুল ইসলাম মনির (৪৮), স্বপ্না বেগম এবং রিপন। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এ শিশু বিক্রির ঘটনায় স্বপ্না বেগম, কাজী বাছির, মো. নাজিম উদ্দীন ও রিপনসহ বেশ কয়েকজনের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
ঘটনার বিবরণে পুলিশ জানায়, চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের কালকট গ্রামের ১৯ বছর বয়সী তরুণ আবির হোসেনের সঙ্গে ভুক্তভোগী তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রলোভন দেখিয়ে আবির একাধিকবার শারীরিক সম্পর্কে জড়ালে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরবর্তীতে তরুণীর পরিবার বিষয়টি আবিরের স্বজনদের জানায়। তবে আবিরের মা জোবেদা আক্তার সানজিদা ও চাচা নজরুল ইসলাম মনির স্থানীয় মাতব্বর হাজী মোস্তফা মোল্লাকে সঙ্গে নিয়ে বিয়ের আশ্বাস দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।
এরপর গত ২৩ অক্টোবর চৌদ্দগ্রামের 'প্রাইম' নামের একটি বেসরকারি হাসপাতালে ছেলেসন্তানের জন্ম দেন খাদিজা নামের ওই তরুণী। সন্তান জন্মের পর নবজাতকের পিতৃপরিচয় গোপন রাখতে শিশুটিকে বিক্রি করে দেওয়া হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হয়েছিল, হয়তো ৫০ হাজার টাকার বিনিময়ে নবজাতককে কারও কাছে দত্তক দেওয়া হয়েছে। কিন্তু নবজাতককে উদ্ধারের সময় পুলিশ একটি ১০০ টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্প জব্দ করে। ওই স্ট্যাম্পে দেড় লাখ টাকার বিনিময়ে নবজাতক হস্তান্তরের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং মানবপাচার প্রতিরোধ ও দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত বাকিদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

