চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মঙ্গলবার দুপুরে বিভাগের সেমিনার রুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, বাংলাদেশের জ্বালানি খাতে দক্ষ জনশক্তির অভাব রয়েছে। এই শূন্যতা পূরণের উদ্দেশ্যেই পিএমই বিভাগ চালু করা হয়েছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেশের জ্বালানি খাতের চাহিদা পূরণে মেধাবী শিক্ষার্থীদের মেধা, শ্রম ও দক্ষতা কাজে লাগাতে হবে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ধৈর্য, পরিশ্রম ও সততার সাথে লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে হবে এবং সময়কে প্রোডাক্টিভভাবে ব্যবহারের পাশাপাশি কাজকে সবসময় ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখা প্রয়োজন। এছাড়াও তিনি জ্বালানি খাতের সাথে সংশ্লিষ্টদের পিএমই বিভাগের শিক্ষার্থীদের কাজের সুযোগ তৈরির আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, পদ্মা ওয়েল পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজুর রহমান, প্রিমিয়ার এলপি গ্যাস লিমিটেডের হেড অব এইচএসই অ্যান্ড টেকনিক্যাল ইন্টিগ্রিটি প্রকৌশলী মীর জাহাঙ্গীর মো. সলিম, এমজেএল বাংলাদেশ লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. শাহীন আলম এবং বসুন্ধরা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার প্রকৌশলী মো. জাকারিয়া জালাল।
পিএমই বিভাগের সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান এই অনুষ্ঠানের আহ্বায়কের দায়িত্ব পালন করেন। বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন খাদিজা ইসলাম তামান্না ও সাদিকুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক মো. জাহিদুল ইসলাম।
১১ আগস্ট (মঙ্গলবার) দুপুরে চুয়েটের পিএমই বিভাগের সেমিনার রুমে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের ২০ ব্যাচের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

