জ্বালানির দাম বাড়ায় কন্টেইনার হ্যান্ডলিং চার্জ ৯.৮৫ শতাংশ বাড়ালো বিআইসিডিএ

জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষিতে কন্টেইনার হ্যান্ডলিং চার্জ ৯.৮৫ শতাংশ বাড়িয়েছে বেসরকারি কন্টেইনার ডিপো মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপোস এসোসিয়েশন (বিআইসিডিএ)। সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি জানায়, ৬টি ভিন্ন ক্ষেত্রে এই 'সারচার্জ' বাড়ানো হয়েছে। নতুন এই বর্ধিত হার সোমবার থেকেই কার্যকর করা হয়েছে।

বিআইসিডিএ মহাসচিব রুহুল আমিন সিকদার জানান, সরকারিভাবে জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের ফলে ডিজেলের দাম ১৭.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর ফলে ১১৫ টাকা থেকে ডিজেলের দাম বেড়ে ১৩৫ টাকা হয়েছে। তিনি বলেন, কন্টেইনার হ্যান্ডলিংয়ের বিভিন্ন পর্যায়ে ভিন্ন ভিন্ন দাম রয়েছে এবং সব মিলিয়ে গড়ে ৯.৮৫ শতাংশ চার্জ বাড়ানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, যে খাতগুলোতে চার্জ বেড়েছে তার মধ্যে রয়েছে ইয়ার্ড থেকে খালি কন্টেইনার উত্তোলন, সিএফএস শেড পর্যন্ত খালি কন্টেইনার পরিবহন এবং খালি কন্টেইনারে রপ্তানি পণ্য বোঝাইকরণ। এছাড়া বোঝাইয়ের পর ইয়ার্ডে পণ্যভর্তি কন্টেইনার পরিবহন, ইয়ার্ড থেকে রপ্তানি পণ্যের কন্টেইনার উত্তোলন, জাহাজ নির্ধারণের পর লোড ইয়ার্ডে কন্টেইনার উত্তোলন এবং চট্টগ্রাম বন্দর ও পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল (পিসিটি) পর্যন্ত রপ্তানি পণ্য বোঝাই কন্টেইনার পরিবহনের চার্জও বাড়ানো হয়েছে।

রপ্তানি পণ্য ভর্তি কন্টেইনারের মোট ওজনের (ভিজিএম) চার্জের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। এর আওতায় লোড ইয়ার্ডে কন্টেইনার উত্তোলন, ওয়েইং স্কেল পর্যন্ত পরিবহন, ওজন পরিমাপ এবং পুনরায় ইয়ার্ডে পরিবহন ও উত্তোলনের চার্জ অন্তর্ভুক্ত রয়েছে।

আমদানি পণ্যের ডেলিভারি চার্জের ক্ষেত্রেও বৃদ্ধি কার্যকর করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বন্দর ও পিসিটি থেকে আইসিডি পর্যন্ত আমদানি পণ্য ভর্তি কন্টেইনার পরিবহন, আইসিডিতে কন্টেইনার উত্তোলন, ডেলিভারি ইয়ার্ডে কন্টেইনার রাখা এবং শ্রমিকদের মাধ্যমে ট্রাক পর্যন্ত আমদানি পণ্য ডেলিভারি দেওয়ার চার্জ বাড়ানো হয়েছে।