শিক্ষা, বাড়ি ভাড়া, লন্ড্রি, ইন্টারনেট, টেইলারিং, সেলুন ও কুরিয়ার সার্ভিসের মতো গুরুত্বপূর্ণ সেবা ও ব্যবসাগুলোকে নতুন ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ২০০৯ সালের বিদ্যমান আইনটিকে যুগোপযোগী করে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ (সংশোধন) আইন, ২০২৬’ নামে একটি খসড়া এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে।
অনলাইন ব্যবসার দ্রুত প্রসারের ফলে ভোক্তারা প্রতিনিয়ত প্রতারণার শিকার হলেও বর্তমান আইনের সীমাবদ্ধতার কারণে অনেক ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। এই প্রেক্ষাপটে নতুন আইনে ই-কমার্স খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। খসড়ায় নতুন ২১ক ধারা যুক্ত করে ডিজিটাল কমার্স প্রতিষ্ঠানের নিবন্ধন, নিবন্ধন স্থগিত ও বাতিলের বিধান রাখা হয়েছে। পণ্য, ওষুধ বা সেবা বিক্রয়কারী ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক সব ডিজিটাল কমার্স প্রতিষ্ঠানকে ব্যবসা শুরুর আগে অধিদপ্তরের নির্ধারিত শর্ত ও পদ্ধতিতে নিবন্ধিত হতে হবে এবং নির্দিষ্ট সময় পর নিবন্ধন নবায়ন করতে হবে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. জহিরুল ইসলাম জানান, আইন প্রয়োগের আওতা বাড়ানোর পাশাপাশি কিছু ক্ষেত্রে জরিমানার পরিমাণ বাড়ানো হচ্ছে এবং সংক্ষুব্ধ ব্যক্তির আপিলের সুযোগ রাখা হয়েছে। খসড়া আইনে বিভিন্ন অপরাধে শাস্তি ও জরিমানার পরিমাণ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। আইনের ৩৭ ধারায় এক বছরের কারাদণ্ড বা অনধিক দুই লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে, যেখানে বর্তমান আইনে এ ধারায় কারাদণ্ডের পাশাপাশি সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।
নতুন আইনে অনলাইন জুয়া ও বেটিংয়ের আয়োজন বা সহায়তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে। খসড়ার ৪১-এর ক ধারা অনুযায়ী, নিষিদ্ধ পণ্য বা সেবার বিজ্ঞাপন প্রকাশ, অনলাইন জুয়া বা বেটিংয়ের আয়োজনে সহায়তা করলে দুই বছরের কারাদণ্ড, অনধিক তিন লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া বাজারে সংকট তৈরির উদ্দেশ্যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পণ্য বা ওষুধ অবৈধভাবে মজুত বা সংরক্ষণ করলে শাস্তির বিধান যুক্ত করা হচ্ছে। খসড়ার ৪৩ক ধারায় এ অপরাধে অনূর্ধ্ব দুই বছরের কারাদণ্ড বা অনধিক পাঁচ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের প্রস্তাব করা হয়েছে।
খসড়া আইন অনুযায়ী, ডিজিটাল বিজনেস আইডেন্টিটি (ডিবিআইডি) প্রদর্শন না করা, অসত্য বিজ্ঞাপন প্রচার বা প্রতিশ্রুত সেবা প্রদানে ব্যর্থ হলে এক বছরের কারাদণ্ড বা দুই লাখ টাকা জরিমানার বিধান রাখা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া ডিজিটাল গিফট কার্ড, ওয়ালেট বা ক্যাশ ভাউচারের ব্যবহারের সুযোগ বন্ধ করার জন্য নতুন ধারা যুক্ত করা হয়েছে।
ভোক্তা সংগঠন ক্যাবের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অনলাইন ব্যবসার দ্রুত বিস্তারের ফলে ২০০৯ সালের আইনটি আর সময়োপযোগী ছিল না। বাণিজ্য মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় সভার পর খসড়াটি মতামতের জন্য ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং পরবর্তীতে আইন মন্ত্রণালয়ে ভেটিং শেষে মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হবে।

