বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে কমিউনিটি ব্যাংকের অংশগ্রহণ

কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের চলতি মূলধনের জোগান বাড়াতে বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ লক্ষ্যে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। কেন্দ্রীয় ব্যাংকের এ এন হামিদুল্লাহ সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর মো. আনিসুর রহমান।

চুক্তিতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের নির্বাহী পরিচালক নাহিদ রহমান, অতিরিক্ত পরিচালক শাহানাজ পারভীন এবং কমিউনিটি ব্যাংকের এসএমই অ্যান্ড এগ্রিকালচার ডিভিশনের শরীফ হাসান মামুনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার সমন্বিত অর্থায়ন উদ্যোগের অংশ হিসেবে সিএমএসএমই খাতের জন্য এই ৫ হাজার কোটি টাকার আবর্তনশীল পুনঃঅর্থায়ন তহবিলটি গঠন করা হয়েছে। গত ৮ জুন জারি করা সার্কুলার অনুযায়ী, তিন বছর মেয়াদী এই তহবিলের লক্ষ্য হলো উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রমে অর্থের সংকট থাকা প্রতিষ্ঠানগুলোকে সহায়তা প্রদান করা। যেসব প্রতিষ্ঠান পূর্ণ সক্ষমতায় উৎপাদন বা সেবা পরিচালনা করতে পারছে না, তারা এই স্কিমের আওতায় অর্থায়ন সুবিধা পাবে।

নতুন এই স্কিমে উদ্যোক্তাদের জন্য ঋণের সর্বোচ্চ সুদহার ৯ শতাংশ নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক ৪ শতাংশ সুদ বা মুনাফায় পুনঃঅর্থায়ন সুবিধা দেবে। সংশ্লিষ্টরা মনে করছেন, কমিউনিটি ব্যাংকের এই অংশগ্রহণের ফলে সিএমএসএমই খাতে অর্থায়ন সম্প্রসারণের পাশাপাশি আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি পাবে, যা দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।