হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা যাত্রীদের ঘিরে অন্তত শতাধিক অপরাধী চক্র সক্রিয় রয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের টার্গেট করে প্রতারণা, ছিনতাই ও লুটের মতো ঘটনা প্রায় প্রতিদিনই ঘটছে। ভুক্তভোগী প্রবাসীরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাড়ি ফেরার তাড়ায় অথবা থানায় মামলার ঝক্কি এড়াতে অভিযোগ না করায় অপরাধীরা সহজেই পার পেয়ে যাচ্ছে।
সম্প্রতি বোনের বিয়েতে পাঠানো ২০০ গ্রাম স্বর্ণ লুটের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়। ২৮শে আগস্ট রাতে বিমানবন্দর এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বলাকা ভবনের সামনে এই ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগী শনিবার মামলা করেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ বিমানবন্দর ইউনিট বিএনপি’র সভাপতি আব্দুর রউফ ও বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন শান্তসহ চারজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।
প্রতারণার আরেকটি কৌশলের শিকার হন সৌদি আরব ফেরত প্রবাসী আলমগীর হোসেন। ইমিগ্রেশন শেষে লাগেজে থাকা মোবাইল নম্বর দেখে প্রতারকরা পরিবারের কাছে ফোন দিয়ে জানায় যে আলমগীর আটকে পড়েছেন এবং তাকে ছাড়াতে ২০ হাজার টাকা দাবি করে। পরিবারের সদস্যরা টাকা পাঠিয়ে দেন। শুক্রবার র্যাব-১ এর কর্মকর্তারা এমন আরেকটি ঘটনার সময় প্রতারককে হাতেনাতে আটক করেছেন।
প্রতারকরা সাধারণত বিমানবন্দরের গেটের বাইরে ওত পেতে থাকে এবং স্বজনহীন যাত্রীদের টার্গেট করে। বিমানবন্দর মোড়, কিশোরগঞ্জ ও ভৈরবের বাস কাউন্টারের সামনে এবং কাওলার মোড় এলাকা ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দর থানা এলাকা থেকে উত্তরার জসিম উদ্দিন মোড় পর্যন্ত পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। ইতিমধ্যে থার্ড টার্মিনাল থেকে গোলচত্বর পর্যন্ত ২৫টি ক্যামেরা কাজ করছে এবং নতুন করে আরও শতাধিক ক্যামেরা বসানো হচ্ছে।
ডিএমপি উত্তরা জোনের উপ-পুলিশ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগ জানান, পুলিশের পাশাপাশি বেবিচক ও সিটি করপোরেশনের সমন্বয়ে এই নজরদারি বাড়ানো হচ্ছে। ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্ত করা সহজ হবে এবং রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ডিবি উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইলিয়াস কবির জানান, সুনির্দিষ্ট অভিযোগ পেলেই গোয়েন্দা টিম তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নেয়ামুল হালিম জানান, অপরাধীরা অত্যন্ত কৌশলী হওয়ায় নজরদারি এড়িয়ে চলার চেষ্টা করে, তবে তাদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান চলমান রয়েছে।

