নয়াদিল্লিতে ভবন ধসে ৩ জনের মৃত্যু, উদ্ধার অভিযান অব্যাহত

ভারতের রাজধানী দিল্লির সত্য নিকেতন এলাকায় ছয়তলা একটি ভবন ধসে অন্তত তিনজন নিহত হয়েছেন। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের কাছে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন এবং উদ্ধারকারীরা আশঙ্কা করছেন যে, ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে আছেন।

পুলিশ জানিয়েছে, ধসে পড়া ভবনটি প্রায় ৪০ থেকে ৫০ বছরের পুরোনো। এটি ৭৫ শয্যার একটি পেইং গেস্ট (পিজি) আবাসন হিসেবে ব্যবহৃত হতো, যেখানে মূলত দিল্লির বাইরে থেকে পড়াশোনা করতে আসা শিক্ষার্থীরা থাকতেন। দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, সত্য নিকেতনের শিব মন্দিরের কাছে অবস্থিত ৪৫-৫০ বছরের পুরোনো ওই ভবনটি ‘হোস্টেল ডেজ’ নামে পরিচিত ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভবনটিতে প্রায় ১৫টি কক্ষ ছিল এবং দুর্ঘটনার সময় এর নিচতলায় সংস্কারকাজ চলছিল। কাজ চলার সময়ই হঠাৎ পুরো ভবনটি ধসে পড়ে। পাশের ভবনের বাসিন্দারা জানান, ঘটনার সময় তারা হঠাৎ ভূকম্পনের মতো অনুভূতি পান এবং মুহূর্তের মধ্যেই ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়।

দুর্ঘটনার পরপরই দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচনী প্রচারণায় থাকা শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার অভিযানে সহায়তা করতে দ্রুত এগিয়ে আসেন। উদ্ধারকর্মীরা পৌঁছানোর আগেই তারা বেশ কয়েকজনকে ধ্বংসস্তূপ থেকে বের করে আনেন। বর্তমানে দিল্লি পুলিশ, ফায়ার সার্ভিস, ন্যাশনাল ডিস্ট্রিক্ট রেসপন্স ফোর্স এবং দিল্লি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। ধ্বংসস্তূপ সরাতে একাধিক খননযন্ত্র ব্যবহার করা হচ্ছে। নিরাপত্তার স্বার্থে দুর্ঘটনাকবলিত ভবনের পাশের ভবনটিও খালি করে ফেলা হয়েছে।