ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আসাদুজ্জামান (৩৩) ও মোস্তাকিম (৩২) নামে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় শ্রী উদা নামে আরও এক যুবক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। শনিবার ভোরে উপজেলার চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৩৩ এর কাছে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত আসাদুজ্জামান পীরগঞ্জ উপজেলার দক্ষিণ ইন্দ্রইল গ্রামের ওয়াজ উদ্দীনের ছেলে এবং মোস্তাকিম একই উপজেলার উত্তর ইন্দ্রইল গ্রামের আহেদ আলীর সন্তান। আহত শ্রী উদা একই এলাকার মুনষা নারায়ণের ছেলে। স্থানীয় ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, শনিবার ভোরে দিনাজপুর ব্যাটালিয়নের ৪২ বিজিবির পীরগঞ্জের চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৩৩ এর কাছে ভারতের ৬৩ নম্বর চকশিবানন্দ বিএসএফ ক্যাম্পের একটি টহলদল গুলি চালায়। এতে এই তিন বাংলাদেশি গুরুতর আহত হন।
ঘটনার পর বিএসএফ সদস্যরা আহত তিনজনকে উদ্ধার করে ভারতের কালিয়াগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আসাদুজ্জামান ও মোস্তাকিমের মৃত্যু হয় এবং শ্রী উদা এখনো চিকিৎসাধীন রয়েছেন। বৈরচুনা ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহাজাহান আলী জানিয়েছেন, নিহতরা তাদের এলাকার বাসিন্দা এবং ভারতীয় সংবাদমাধ্যমের মাধ্যমে মৃত্যুর খবরটি নিশ্চিত হওয়া গেছে। বিষয়টি বিজিবিকে আনুষ্ঠানিকভাবে জানানোর প্রক্রিয়া চলছে।
৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন জানান, তারা বিভিন্ন মাধ্যমে ঘটনাটি সম্পর্কে জানতে পেরেছেন। তবে বিএসএফের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বিস্তারিত তথ্য সংগ্রহ ও পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে বিজিবি।

